মিরাজের জোড়া শিকার, তবুও গায়ানার বড় হার

সিপিএল
মেহেদী হাসান মিরাজের উল্লাস, ফাইল ফটো
মেহেদী হাসান মিরাজের উল্লাস, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে টানা জয় পেয়েছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। তবে প্রথম কোয়ালিফায়ারের আগে চলতি আসরে দ্বিতীয় হারের স্বাদ পেল দলটি। বার্বাডোজের কাছে ছয় উইকেটে হেরেছে মিরাজের দল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে গায়ানা। তৃতীয় ওভারে ১৫ রানেই হারায় তিন উইকেট। এরপর গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন মিরাজ। চতুর্থ উইকেটে ২৩ রান যোগ করেন দুজন। ২৪ রান করে ফিরলে গায়ানার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহও সেটিই থাকে।

মিরাজও ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি। ২৪ বলে একটি করে চার ও ছক্কায় ১৮ রান করেন তিনি, যা দলের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। শেষ দিকে রোমারিও শেফার্ড ও ইমরান তাহির ৩১ রান যোগ করলেও ১৮.১ ওভারে ৯৯ রানে অলআউট হয় গায়ানা। এএম গজনফার ও জোহান লেইন নেন তিনটি করে উইকেট।

জবাবে ৩৬ রানেই তৃতীয় উইকেট হারায় বার্বাডোজ। পাওয়ার প্লের শেষ ওভারে কুইন্টন ডি ককের অফস্টাম্প ভেঙে গায়ানাকে সাফল্য এনে দেন মিরাজ। পরে ১২তম ওভারে শ্যাডর‌্যাক ডেসকার্টেকে ৩২ রানে ফিরিয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন এই অফস্পিনার।

তবে মিরাজের জোড়া শিকারও বার্বাডোজের জয় ঠেকাতে পারেনি। ব্র্যান্ডন কিংয়ের অপরাজিত ৪৪ রানের ইনিংসে ১৪.৫ ওভারেই ৪ উইকেট হারিয়ে ১০০ রান তুলে ফেলে তারা। এই ম্যাচে ২৫ রান দিয়ে দুই উইকেট নেন মিরাজ।

চলতি আসরে তিন ম্যাচে তার শিকার এখন ৯ উইকেট। তবে হারের পরও গায়ানার সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে। ১৭ সেপ্টেম্বর সরাসরি ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের মুখোমুখি হবে তারা।

আরো পড়ুন: