রান তাড়ায় ইনিংসের প্রথম ওভার থেকেই নামিবিয়ার বিপক্ষে দারুণ ব্যাটিং করতে থাকেন জর্ডান হারমান ও কনোর এস্টারহুইজেন। তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬২ রান তোলে সাউথ আফ্রিকা। আক্রমণাত্বক ব্যাটিংয়ে ৯ চারে ৩৯ বলে হাফ সেঞ্চুরি করেন হারমান। একটু পর হাফ সেঞ্চুরি করেছেন এস্টারহুইজেনও। ডানহাতি ওপেনার পঞ্চাশ ছুঁয়েছেন ৫৩ বলে।
সফরকারীদের ১৫০ রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন ওয়ালডো স্মিথ। ডানহাতি পেসারের বলে বোল্ড হয়েছেন ১৩ চারে ৫৯ বলে ৭৭ রানের ইনিংস খেলা হারমান। তবে ডেওয়াল্ড ব্রেভিসকে সঙ্গে নিয়ে সাউথ আফ্রিকার জয় নিশ্চিত করেন এস্টারহুইজেন। আগের ম্যাচে সেঞ্চুরি করা ডানহাতি ব্যাটার অপরাজিত ছিলেন ৬৮ বলে ৬৮ রান করে। ২ বলে ৬ রান করেছেন ব্রেভিস।
এর আগে প্রথম দুই ম্যাচের মতো এদিনও টস জেতেন জেরার্ড এরাসমাস। প্রথম দুই ওয়ানডেতে টস জিতে আগে বোলিং নিলেও তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নামিবিয়ার অধিনায়ক। তাতেও অবশ্য নামিবিয়ার ব্যাটিংয়ের চিত্র বদলায়নি। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা।
তৃতীয় উইকেটে অবশ্য আলেকজেন্ডার ও লরেন স্টিনক্যাম্প মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ২৩ রান করা স্টিনক্যাম্পের বিদায়ে ভাঙে তাদের দুজনের ৫৩ রানের জুটি। পরের বলে আউট হয়েছেন ৩১ রান করা আলেকজেন্ডারও। পরবর্তীতে নামিবিয়ার হয়ে জেইন গ্রিন ৩৩ ও ম্যাক্স হেইঙ্গো ২০ রান করেছেন। নামিবিয়াকে ১৫৭ রানে অল আউট করার দিনে সাউথ আফ্রিকার হয়ে চার উইকেট নিয়েছেন ফরটুইন।