এমন কঠিন সময়েই পাকিস্তানকে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে ইংলিশরা। এই সিরিজটি ইংলিশ শিবিরে স্বস্তি ফেরাবে বলে মনে করেন রুট। পাশাপাশি সব ধাক্কা সামলে ইংল্যান্ড দল যেভাবে পারফর্ম করেছে তাতে তিনি দারুণ আনন্দিত। সিরিজের শুরুতেই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ছিল বলে জানালেন ইংলিশ অধিনায়ক।
সিরিজ শেষে তিনি বলেন, 'একটি বল খেলা হওয়ার আগেই এই সিরিজকে ঘিরে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমার মনে হয়, আমরা মাঠের ভেতরে ও বাইরে যেভাবে পরিস্থিতি সামলেছি, ক্রিকেটার হিসেবে প্রত্যেকের কাছে কী প্রত্যাশা করা হচ্ছে এবং নিজেদের কীভাবে উপস্থাপন করতে চাই—এই বিষয়গুলো সবাই যেভাবে বোঝে, তা সত্যিই খুব ভালো ব্যাপার। সিরিজের শুরুতে আমাদের লক্ষ্য ছিল ৩-০ ব্যবধানের জয় এবং আমরা তা করেছি যথেষ্ট নিখুঁতভাবেই।'
খারাপ সময়ে পাওয়া এই শিক্ষা ভবিষ্যতে দলের সামনে এগিয়ে যাওয়ার পথ করে দিয়েছে বলেও মনে করেন রুট। এই সময়টাকে তিনি অস্বাভাবিক বলেও আখ্যা দিয়েছেন। পরিস্থিতি যাই হোক না কেন ইংলিশ অধিনায়ক ফলে বিশ্বাসী। ভবিষ্যতে দলের কাছে কী প্রত্যাশা সেই ব্যাপারেও ধারণা পেয়েছেন বলে জানালেন রুট।
তিনি বলেন, 'খুবই অস্বাভাবিক এক মৌসুম ছিল, তাই না? সম্ভবত এভাবেই বলাটা বেশি ভালো। অনেক কিছুই ঘটেছে। সিরিজের মাঝপথে একজন পদত্যাগ করেছেন, মাঠের বাইরে কয়েকটি ঘটনা ঘটেছে এবং আমরা একজন নতুন কোচ পেয়েছি। এটিকে বিশৃঙ্খলা বলুন, অস্বাভাবিক বলুন বা অস্বস্তিকর বলুন, সবই উপযুক্ত।'
রুট যোগ করেন, 'কিন্তু শেষ পর্যন্ত, যে বিষয়টি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো এর ফলাফল কী হয়। আমি মনে করি, আমরা যেভাবে সাড়া দিয়েছি, তা চমৎকার। ভবিষ্যতে দলের কাছে কী প্রত্যাশা করা হচ্ছে, সে বিষয়ে যে এখন একটি সুস্পষ্ট ধারণা তৈরি হয়েছে, তা বেশ পরিষ্কার এবং আমরা এখন এর ওপর ভিত্তি করেই এগিয়ে যাব।'