কেন্টের বোলিং আক্রমণে হাসানের উপস্থিতি দলটির শক্তি বাড়িয়েছে। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর স্টাম্প লক্ষ্য করে বোলিং করার দক্ষতায় সতীর্থদের প্রশংসাও কুড়িয়েছেন তিনি। তার বোলিংয়ে মুগ্ধ কেন্টের পেসার ম্যাট মিলনেসও।
হাসানকে নিয়ে মিলনেস বলেন, 'হাসান অবশ্যই আমাদের বোলিং আক্রমণে বিশেষ কিছু যোগ করে। তাকে দলে ফেরত পাওয়াটা আমাদের জন্য দারুণ এক বোনাস।'
হাসানের গতি ও উইকেট নেওয়ার সামর্থ্যের প্রশংসা করে মিলনেস আরও বলেন, 'আমার মনে হয়, সে আমার চেয়েও জোরের ওপর সোজা উইকেটে আঘাত করতে পারে। তবে হ্যাঁ, আমি যেমনটা বললাম, সে দলে আলাদা একটি এক্স-ফ্যাক্টর নিয়ে আসে।'
কাউন্টি চ্যাম্পিয়নশিপের পাশাপাশি টি-টোয়েন্টিতেও কেন্টের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন হাসান। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সেরা বোলিং করে ৬৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে তার বোলিং কেন্টকে বড় সুবিধা এনে দেয়।
এরপর ওরচেস্টারশায়ারের বিপক্ষেও বল হাতে কার্যকর ছিলেন হাসান। ৬৮ রানে ৪ উইকেট নিয়ে দলকে গুরুত্বপূর্ণ লিড এনে দেন তিনি। দুই ম্যাচের এমন পারফরম্যান্সে কেন্টের বোলিং আক্রমণে নিজের জায়গাটা আরও শক্ত করেছেন বাংলাদেশের এই পেসার।