যাত্রার আগে সামাজিক মাধ্যমে বিমানে বসা একটি ছবি প্রকাশ করেন মিরাজ। সেখানে নিজের নতুন অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন, ‘নতুন এক চ্যালেঞ্জের জন্য সিপিএলের পথে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে ক্যারিবিয়ান যাত্রা আলিঙ্গন করতে প্রস্তুত।’
সিপিএলে এবারই প্রথম ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মিরাজ। এর আগে ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স তাকে দলে ভিড়িয়েছিল। কিন্তু পুরো আসরে একাদশে জায়গা হয়নি তার। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে পারে।
বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মিরাজের পথচলাও খুব একটা মসৃণ নয়। গত বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে দলে থাকলেও মাঠে নামতে পারেননি। পরে চলতি বছরের জুলাইয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে প্রথমবার বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ম্যাচ খেলেন তিনি। চার ম্যাচের পর বাদ পড়েন একাদশ থেকে।
গায়ানায় অবশ্য পরিস্থিতি আলাদা। আফগানিস্তানের মোহাম্মাদ নবির বদলি হিসেবে মিরাজকে নিয়েছে দলটি। ভারতের বিপক্ষে সিরিজ থাকায় নবি জাতীয় দলের সঙ্গে যোগ দেয়ায় তার জায়গায় সুযোগ পেয়েছেন মিরাজ। ফলে এবার নিজের সামর্থ্য দেখানোর জন্য পর্যাপ্ত ম্যাচ পাওয়ার সম্ভাবনা আছে তার।
মিরাজের যোগ দেওয়ার আগেই গায়ানা নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। শনিবার জ্যামাইকা কিংসমেনকে ৮ উইকেটে হারিয়েছে তারা। পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট তালিকায় দারুণ অবস্থানে থাকা গতবারের রানার্সআপরা এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের তুলে ধরেছে।