স্বাধীনের ৪ উইকেট, ১৮৯ রানে অল আউট অনূর্ধ্ব-১৯

গেম ডেভেলপমেন্ট ট্রফি
স্বাধীন ইসলাম, ক্রিকফ্রেঞ্জি
স্বাধীন ইসলাম, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গেম ডেভেলপমেন্ট ট্রফিতে প্রথম দেখায় অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে চমক দেখিয়েছিলো অনূর্ধ্ব-১৯ দল। এদিনও ব্যাটিংয়ে দারুণ শুরু করে তেমন কিছুর আভাসই দিচ্ছিলো অনূর্ধ্ব-১৯ এর দুই ওপেনার জারিফ সিয়াম ও কাউসার আহমেদ। কিন্তু লেগ স্পিনার স্বাধীন ইসলামের দুর্দান্ত এক গুগলিতে কাউসার আউট হলে ভাঙে সেই জুটি। এরপর একে একে আরো ৩ উইকেট তুলে নিয়ে অনূর্ধ্ব-১৯ এর যুবাদের আর বেশিদূর এগোতে দেননি স্বাধীন। তার ৪ উইকেটে শিকারে ১৮৯ রানে থেমেছে অনূর্ধ্ব-১৯ এর ইনিংস।

মিরপুর শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় অনূর্ধ্ব-১৯ দল। সিয়াম ও কাউসার মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৫ রান। ১৭ তম ওভারে স্বাধীন লেগ বিফোরের ফাঁদে ফেলেন ২২ রান করা কাউসারকে।

এরপর আরেক ওপেনার সিয়ামকেও ফেরান এই লেগস্পিনার। অর্ধশতক তুলে নেয়া সিয়ামকে শেখ পারভেজ জীবনের ক্যাচে পরিণত করেন স্বাধীন। ৭১ বলে এক ছক্কা ও ৫ চারে ৫৬ রানের ইনিংস খেলেন সিয়াম। এক ওভার পরেই টানা তৃতীয় আঘাত হানেন স্বাধীন। তাকে সুইপ করতে গিয়ে তার ফাঁদে পা দিয়ে রিজান হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন রাকিবুল হাসান রুসাফি।

এরপর অনূর্ধ্ব-১৯ দলের চতুর্থ উইকেটটিও তুলে নেন স্বাধীন। ৭ রান করা ফরিদ হাসান ফয়সালকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আরেকটি দুর্দান্ত ডেলিভারিতে। স্বাধীনের এমন বোলিংয়ের পর আর দাঁড়াতে পারেননি অনূর্ধ্ব-১৯ দলের বাকি ব্যাটাররা। মিডল অর্ডারের তিন ব্যাটারই ছুঁতে পারেননি দুই অংকের স্কোর। ১৫৯ রানেই ৯ উইকেট হারায় অনূর্ধ্ব-১৯ দল।

পেসার আল আমিন হোসেনকে নিয়ে শেষ উইকেটে কিছুটা লড়াই চালান মেহেরাব হাসান সিজান। ৯ নম্বরে নামা সিজানের ৩৬ বলে ৩৩ রানের ইনিংসে কিছুটা লড়াই করার পুঁজি পায় অনূর্ধ্ব-১৯ দল। ৪৯.৫ ওভারে ১৮৯ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-২৩ এর হয়ে স্বাধীনের চার উইকেটের সাথে মহিউদ্দিন তারেক দুইটি এবং মাহফুজুর রাব্বি ও আহরার আমিন পিয়ান একটি করে উইকেট নেন।

আরো পড়ুন: