উইন্ডহুকে শুক্রবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ২২৮ রান করে সাউথ আফ্রিকা। জবাবে ২০ ওভারে ২১৭ রানেই থামে নামিবিয়ার ইনিংস। এর আগে সিরিজের প্রথম দেখায় সাউথ আফ্রিকাকে ১৮ রানে হারিয়েছিল নামিবিয়া।
সাউথ আফ্রিকার ইনিংসের মূল নায়ক প্রিটোরিয়াস। ৫৩ বলে ১০১ রানের ইনিংসে আটটি ছক্কা ও পাঁচটি চার মারেন এই ওপেনার। ২০ বছর ১৬১ দিন বয়সে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকার সর্বকনিষ্ঠ শতরানকারীও হয়ে গেলেন তিনি। ভেঙেছেন ডেওয়াল্ড ব্রেভিসের রেকর্ড।
প্রিটোরিয়াসের সঙ্গে শুরু থেকেই ঝড় তোলেন এস্তেহেইজেন। পাওয়ারপ্লেতে ৭০ রান তোলে সাউথ আফ্রিকা। দুজনের ৭০ বলের জুটিতে আসে ১৫৬ রান। ৪০ বলে ৮৮ রান করে দ্বাদশ ওভারে এস্তেহেইজেন ফিরলে ভাঙে এই বিধ্বংসী জুটি। তার ইনিংসে ছিল আটটি ছক্কা ও ছয়টি চার।
প্রিটোরিয়াস ২৮ বলে অর্ধশতক পূর্ণ করেন। পরের ৫০ রান করতে তার লাগে মাত্র ২৪ বল। শেষ ওভারে দুটি ছক্কা মেরে তিন অঙ্কে পৌঁছান তিনি, পরের বলেই বিদায় নেন। রুবিন হারমান করেন ২১ বলে ২৬ রান। তাতেই বড় সংগ্রহের পথে এগিয়ে যায় সাউথ আফ্রিকা।
রান তাড়ায় নামিবিয়াকেও শুরুতে থামানো যায়নি। দুই ওপেনার ইয়ান ফ্রাইলিঙ্ক ও লরেন স্টিনক্যাম্পের ১১৯ রানের জুটিতে জয়ের ভিত গড়ে ওঠে। ফ্রাইলিঙ্ক ৩৬ বলে ৭২ এবং স্টিনক্যাম্প ৪৪ বলে ৬১ রান করেন। ফ্রাইলিঙ্কের ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও ছয়টি চার।
তবে শেষ দিকে প্রয়োজনীয় গতি ধরে রাখতে পারেনি নামিবিয়া। অধিনায়ক জেরহার্ড এরাসমাস ২৬ বলে ৩০ ও রুবেন ট্রাম্পেলমান ১০ বলে ২১ রান করলেও সমীকরণ কঠিন হয়ে যায়। শেষ ওভারে জয়ের জন্য ২৪ রান প্রয়োজন ছিল নামিবিয়ার, সেখান থেকে ১২ রান তুলতে পারে তারা। এই জয়ে জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা।