শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান, ভারতের চাই ৬ উইকেট

শ্রীলঙ্কা-ভারত সিরিজ
গল টেস্ট জিততে ভারতের প্রয়োজন ৬ উইকেট
গল টেস্ট জিততে ভারতের প্রয়োজন ৬ উইকেট
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আসিথা ফার্নান্দো, প্রবাথ জয়াসুরিয়া মিলে দ্বিতীয় ইনিংসে দুইশর আগেই ভারতে আটকে দিলেন। তবে সেটার ফায়দা নিতে পারলেন না শ্রীলঙ্কার ব্যাটাররা। বরং বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারালেন স্বাগতিকরা। গল টেস্টে জিততে হলে শেষ দিনে ২৮৮ রান করতে হবে ৪ উইকেটে ৮৪ রানে চতুর্থ দিন শেষ করা শ্রীলঙ্কাকে। বিপরীতে জেতার জন্য মাত্র ৬ উইকেট প্রয়োজন ভারতের। ফলে গলের জয়ের সুবাস পাচ্ছেন শুভমান গিল-লোকেশ রাহুলরা।

গলে জয়ের জন্য ৩৭২ রান তাড়ায় সাবধানী ছিলেন নিশান মাদুশকা ও লাহিরু উদারা। তবে দুজনে মিলে শ্রীলঙ্কাকে ভালো জুটি উপহার দিতে পারেননি। উল্টো ইনিংসের সপ্তম ওভারেই ফেরেন মাদুশকা। পেসার মোহাম্মদ সিরাজের শর্ট ডেলিভারিতে টপ এজ হয়ে ফিরেছেন তিনি। পরের ওভারে আউট হয়েছেন পাসিন্দু সুরিয়াবান্দারাও। ফিল্ডিংয়ের সময় চার বাঁচাতে গিয়ে চোটে পড়েন দীনেশ চান্দিমাল। অভিজ্ঞ ব্যাটারের বদলি হিসেবে ফিল্ডিং করেন সুরিয়াবান্দারা।

পরবর্তীতে ব্যাটিংয়েরও সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সেটা কাজে লাগাতে পারেননি। মানব সুথারের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন গোল্ডেন ডাক মেরে। একটু পর ফেরেন কামিন্দু মেন্ডিসও। ২ রান করা বাঁহাতি ব্যাটারকে ফেরান প্রসিধ। শেষ বিকেলে ৫৮ বলে ১৬ রান করে সুথারকে উইকেট নিয়েছেন উদারা। তবে বাকিটা সময় কাটিয়েছেন ৩১ রান করা ধনঞ্জয়া ডি সিলভা ও ২৫ রানে অপরাজিত থাকা সোনাল দিনুশা।

এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতেরও। ইনিংসের তৃতীয় বলেই ফেরেন ইয়াশভি জয়সাওয়াল। আসিথার বলে ফেরেন রানের খাতা খোলার আগেই। পরবর্তীতে লোকেশ রাহুল ও দেবদূত পাডিকাল মিলে শুরুর ধাক্কা সামাল দিয়ে ৬৪ রানের জুটি গড়েন। ৪৭ বলে ৩৫ রান করা রাহুলকে ফিরিয়ে জুটি ভাঙেন জয়াসুরিয়া। আবারও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন গিল।

ভারতের অধিনায়ক আউট হয়েছেন ৮ রানে। দলের রান একশ পেরিয়ে যাওয়ার পর হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে পাডিকালকে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা বাঁহাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসে করেছেন ৪৪ রান। তবে দ্রুত রান তোলার জন্য আক্রমণাত্বক ব্যাটিং করেন ঋষভ পান্ত। ৬৯ বলে খেলেছেন ৬৬ রানের দুর্দান্ত ইনিংস। বাকিদের কেউই আর দুই অঙ্ক ছুঁতে পারেননি। হাফ সেঞ্চুরি করা পান্ত ৮টি চারের সঙ্গে দুইটি ছক্কাও মেরেছেন।

সবচেয়ে কম ৮৯ ইনিংসেই টেস্টে একশ ছক্কার রেকর্ড গড়েছেন পান্ত। যেখানে অ্যাডাম গিলক্রিস্ট খেলেছিলেন ১৩০ ইনিংস। সাদা পোশাকের ক্রিকেটে ছক্কার তালিকায় গিলক্রিস্টের সঙ্গে যৌথভাবে তিনে আছেন পান্ত। ১৩৮ ছক্কা নিয়ে সবার উপরে বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাককালাম মেরেছেন ১০৭ ছক্কা। পান্ত ছাড়া বাকিরা কেউ কিছু করতে না পারায় ১৯৩ রানে অল আউট হয় ভারত। শ্রীলঙ্কার হয়ে আসিথা চারটি, জয়াসুরিয়া তিনটি ও লাহিরু কুমারা দুইটি উইকেট নিয়েছেন।

আরো পড়ুন: