রশিদের ৬ উইকেটের নৈপুণ্যে জিতে সিরিজে এগিয়ে আফগানিস্তান

আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজ
রশিদ খান, ফাইল ফটো
রশিদ খান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রশিদ খানের ঘূর্ণিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় এক দিনের আন্তর্জাতিক ম্যাচে বড় জয় পেয়েছে আফগানিস্তান। শুক্রবার ব্রেডিতে ৭.৪ ওভারে ৩৪ রান দিয়ে ছয় উইকেট নেন আফগানিস্তানের এই লেগ স্পিনার। তার দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ড ২০৭ রানে অলআউট হয়ে যায় এবং আফগানিস্তান জয় পায় ৯২ রানে।

রশিদের ছয় উইকেটের মধ্যে ছিল অ্যান্ডি বালবার্নি, হ্যারি টেক্টর, বেন কালিৎজ, কার্টিস ক্যাম্ফার, জেয় মুন্ড্রি ও বায়রন ম্যাকডোনাফ। শেষ উইকেটটি নিয়ে ম্যাচ শেষ করেন তিনি। তার গুগলিতে বিভ্রান্ত হয়ে ম্যাকডোনাফের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল ঢুকে আঘাত করে মিডল ও লেগ স্টাম্পে।

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি রাশিদের দ্বিতীয় সেরা বোলিং। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ রানে সাত উইকেট নেয়া ম্যাচটিই এখন পর্যন্ত তার সেরা। এই সংস্করণে তৃতীয়বারের মতো ছয় বা তার বেশি উইকেট নিলেন ২৭ বছর বয়সী এই স্পিনার। তার চেয়ে বেশি বার এমন কীর্তি আছে শুধু পাকিস্তানের ওয়াকার ইউনিসের।

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১১৩ ইনিংসে রশিদ সাতবার পাঁচ উইকেট নিয়েছেন। এই তালিকায় তিনি এখন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার সঙ্গে যৌথভাবে পঞ্চম। তবে ম্যাকগ্রা সাতবার পাঁচ উইকেট নিয়েছিলেন ২৪৮ ইনিংসে। রাশিদের সামনে আছেন লাসিথ মালিঙ্গা আটবার, শাহিদ আফ্রিদি, ব্রেট লি ও মিচেল স্টার্ক নয়বার এবং মুত্তিয়া মুরালিধরন ১০ বার। ১৩ বার পাঁচ উইকেট নিয়ে শীর্ষে আছেন ওয়াকার ইউনিস।

আয়ারল্যান্ডের বিপক্ষে রশিদ নিজের দ্বিতীয় ওভারে বালবার্নিকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন। পরের ওভারে টেক্টরকে ফেরান তিনি। নিজের প্রথম পাঁচ ওভারে ২৩ রান দিয়ে দুটি উইকেট নেওয়ার পর ৩০তম ওভারে আবার বোলিংয়ে ফেরেন এই স্পিনার। তখন আয়ারল্যান্ডের রান ছিল পাঁচ উইকেটে ১৯৩।

ফিরেই বেন কালিৎজ ও কার্টিস ক্যাম্ফারকে পরপর দুই ওভারে বোল্ড করেন রাশিদ। এরপর জেয় মুন্ড্রিকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। এক বল পর ম্যাকডোনাফকে বোল্ড করে আয়ারল্যান্ডের ইনিংসের সমাপ্তি টানেন এই লেগ স্পিনার। শেষ পাঁচ উইকেট মাত্র নয় রানের মধ্যে হারায় আয়ারল্যান্ড।

এর আগে ইব্রাহিম জাদরানের ৮৪ রানের ইনিংসে ভর করে ২৯৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। ৯৭ বলে আটটি চার ও দুটি ছক্কায় এই রান করেন ওপেনার।

বৃষ্টিতে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল আফগানিস্তান। ব্যাট হাতে জাদরান গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ম্যাচসেরার পুরস্কার ওঠে রশিদের হাতেই।

আরো পড়ুন: