এ উদ্দেশ্যে রাঁচিতে গিয়েছেন পান্ত। সেখানে ধোনির বাড়িতেই অবস্থান করছেন তিনি। দুজনকে একসঙ্গে অনুশীলন করতে দেখা গেছে। একই সঙ্গে শরীরচর্চা কেন্দ্রেও সময় কাটিয়েছেন তারা। তাদের সঙ্গে ছিলেন ভারতের সাবেক বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম।
ধোনির সঙ্গে পান্তের সম্পর্ক দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার রাঁচিতে গিয়ে তার সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। ঘূর্ণি সহায়ক উইকেটে উইকেটরক্ষণের সূক্ষ্ম দিকগুলো আরও ভালোভাবে আয়ত্ত করতেই ধোনির অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছেন পান্ত।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে টিকে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই জয় ভারতের জন্য গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য সামনে রেখেই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না দল। শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ সাতটি টেস্টের ছয়টিতেই জিতেছে ভারত, যা সফরকারীদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে।
পান্তের সঙ্গে সময় কাটানোর মধ্যেই সোমবার চেন্নাইয়ে দেখা যায় ধোনিকে। ‘মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিট’-এ সুপারবাইক চালিয়েছেন তিনি।। সেই দৃশ্যের ভিডিও চিত্র দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।
কয়েক দফা চালানোর পর তিনি বাইক থামালে উপস্থিত দর্শকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ধোনিও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।