সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা বার্তায় রাহানে লিখেছেন, 'টুপি নম্বর ২৭৮ বিদায় জানাচ্ছে। এত বছর ধরে ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। সারা জীবন কৃতজ্ঞ থাকব।’ যদিও তিনি আলাদা করে দেশের ঘরোয়া প্রতিযোগিতা বা ভারতীয় ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার নাম উল্লেখ করেননি, সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় সেখান থেকেও তার বিদায়ের ইঙ্গিত মিলেছে।
ভিডিও বার্তায় রাহানে বলেন, 'জীবনের সার কথাই হলো, সব কিছুর যেমন শুরু আছে, তেমন শেষও আছে। সময় এলে তাকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যেতে হয়। আমি ব্যাট করার সময় সময়ের গুরুত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম। আমার মনে হয়েছে, এগিয়ে যাওয়ার এটাই সেরা সময়। তাই আমি আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেটের সব ধরনের প্রতিযোগিতা থেকে অবসর ঘোষণা করছি।'
রাহানের এই ঘোষণার পর তার ফ্র্যাঞ্চাইজি ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে। গত দুই মৌসুমে তার নেতৃত্বে প্রত্যাশিত সাফল্য পায়নি কলকাতা নাইট রাইডার্স। তাই সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের ফলে আগামী আসরের আগেই দলটিকে নতুন অধিনায়ক খুঁজতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অবসরের ঘোষণায় নিজের দীর্ঘ পথচলার কথাও স্মরণ করেন রাহানে। তিনি বলেন, 'ডম্বিভলির যে ছেলেটা প্রতিদিন সকালে অনুশীলনে যেত, প্রতিদিন মাঠে নামত, যে সুযোগ পেত তা কাজে লাগানোর চেষ্টা করত, সেই ছেলেটার একটাই স্বপ্ন ছিল, ভারতের জার্সি পরা। আমি সব সময় দলকে ও সতীর্থদের নিজের আগে রেখেছি। সততার সঙ্গে খেলেছি। আমি বিশ্বাস করেছি, সঠিক মানসিকতা নিয়ে খেললে এই খেলাই তোমাকে অনেক কিছু ফিরিয়ে দেবে।'
দীর্ঘ দুই দশকের পথচলায় ভারতীয় ক্রিকেটের পরিবর্তনেরও সাক্ষী হয়েছেন বলে জানান রাহানে। জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে দেশের ক্রিকেটের বিকাশ খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তাঁর। সেই অভিজ্ঞতাকে নিজের জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি।
তবে ক্রিকেট থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না রাহানে। তার ভাষায়, 'ক্রিকেটার হিসেবে আমার যাত্রা শেষ। কিন্তু ক্রিকেট থেকে দূরে যাচ্ছি না। পরের প্রজন্মকে এখনও কিছু দেয়ার আছে। ক্রিকেট আমাকে যে মূল্যবোধ শিখিয়েছে, তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।'
ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি খেলেছেন রাহানে। জাতীয় দলের তিনি সর্বশেষ খেলেন ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের একটি টেস্টে। ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রাহানে টেস্টে ৮৫ ম্যাচে ১২টি সেঞ্চুরির সাহায্যে ৫ হাজার ৭৭ রান করেন।
টেস্টে তার গড় ছিল ৩৮.৪৬। ওয়ানডে ক্রিকেটে ৯০ ম্যাচে তিনটি সেঞ্চুরিসহ করেছেন দুই হাজার ৯৬২ রান, গড় ৩৫.২৬। আর টি-টোয়েন্টিতে ২০ ম্যাচে তার সংগ্রহ ৩৭৫ রান, গড় ২০.৮৩ এবং স্ট্রাইক রেট ১১৩.২৯। জাতীয় দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন রাহানে। তার নেতৃত্বে ভারত ছয়টি টেস্ট খেলেছে, যার মধ্যে চারটিতে জয় পেয়েছে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।