বাংলাদেশ খুবই নিরাপদ দেশ, আশা করি ভারত আসবে: তামিম

বাংলাদেশ-ভারত সিরিজ
তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি
তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের বাংলাদেশ সফর শুরু হতে বাকি নেই এক মাসও। তবে নির্ধারিত এই দ্বিপক্ষীয় সিরিজ ঘিরে এখনও কাটেনি অনিশ্চয়তা। আনুষ্ঠানিক ঘোষণা না আসায় সফরটি হবে কি না, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। তবে তিনি আশা ছাড়ছেন না।

সূচি অনুযায়ী আগামী ২৮ আগস্ট তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। গত বছর এই সফর হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। নতুন সূচি প্রকাশের পরও এখনও দুই বোর্ডের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা না আসায় অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

পরিচালনা পর্ষদের সভা শেষে বুধবার রাতে তামিম বলেন, 'ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে দুর্ভাগ্যজনকভাবে আমার কাছে কোনো খবর নেই। আমরা আলোচনা করছি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্তা আদান-প্রদান হচ্ছে। আমরা চেষ্টা করছি সবদিক থেকে। আমি আশা করছি, তারা আসবেন। বাংলাদেশ-ভারত সিরিজের উত্তেজনা অন্য পর্যায়ের। আমি খুবই আশাবাদী যে তারা আসবে। বাংলাদেশ খুবই নিরাপদ দেশ।'

তামিমের বক্তব্যে স্পষ্ট, বিষয়টি এখন শুধু দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। সফর চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে দুই দেশের সরকারি পর্যায়ের সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ চললেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করছে বোর্ডের বাইরের কিছু বিষয়ের ওপর।

এ প্রসঙ্গে তামিম বলেন, 'আমাদের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা চেষ্টা করছি। একটা ব্যাপার সবাইকে বুঝতে হবে, আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, সেটা ঠিক আছে, কিন্তু আমারও একটা সীমা আছে, যেটা আমি কখনোই অতিক্রম করতে পারি না। আমার জায়গা থেকে, আমার দায়িত্বের মধ্যে যতটুকু করা সম্ভব হচ্ছে, আমি কথা বলছি, সিরিজটির গুরুত্ব এবং ভারতের বিপক্ষে খেলার বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু কিছু ব্যাপার আছে, যা আমার নিয়ন্ত্রণের বাইরে।'

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, চলতি মাসে স্কটল্যান্ডে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সভার ফাঁকে তামিমের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের এ বিষয়ে আলোচনা হয়েছে। সফর নিয়ে ভারতীয় বোর্ডের আপত্তি নেই বলেই ধারণা পাওয়া গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দুই দেশের সরকারি পর্যায়ের আলোচনার ওপর। সভা শেষে দেশে ফিরে সংশ্লিষ্ট মন্ত্রী ও বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছেন তামিম।

সময়ের ব্যবধান খুব বেশি না থাকায় দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন বলেও মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। তার ভাষায়, 'আমার সঙ্গে যে আলোচনা এখনও পর্যন্ত হয়েছে, খুব ইতিবাচক। তবে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমি নিশ্চিত, খুবই দ্রুত আমরা জানতে পারব। খুব একটা দীর্ঘায়িত আর হবে না। সিরিজ স্থগিত হোক বা না হোক, খুব শিগগিরই আমরা জানতে পারব।'

আরো পড়ুন: