পাকিস্তান সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার জশুয়া বিশপ। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। সেই দলেই নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সী এই স্পিনার।

দলে ফিরেছেন বাঁহাতি ওপরের সারির ব্যাটার কার্ক ম্যাকেঞ্জিও। প্রায় দুই বছর পর আবারও টেস্ট দলে সুযোগ পেলেন তিনি। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়া জন ক্যাম্পবেলের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ম্যাকেঞ্জিকে। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে এক দিনের আন্তর্জাতিক সিরিজে বাঁ পায়ের পেছনের পেশিতে চোট পান ক্যাম্পবেল।

ব্যক্তিগত কারণে এই সিরিজে খেলছেন না পেসার আলজারি জোসেফ। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দলে থাকা অ্যান্ডারসন ফিলিপকেও এবার রাখা হয়নি। ওই সিরিজের দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র দুটি উইকেট নিয়েছিলেন তিনি।

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে বিশপের পারফরম্যান্সই তাকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে। এখন পর্যন্ত ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে তার শিকার ১১৯ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ তিন মৌসুমে মোট ৯১টি উইকেট নিয়ে এই সময়ের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারও তিনি। ব্যাট হাতেও কার্যকর বিশপ। প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে তার দুটি সেঞ্চুরি।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ম্যাকেঞ্জিও। ছয় ইনিংসে ৬৪.৬০ গড়ে ৩২৩ রান করেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। ২০২৪ সালের জুলাইয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই দীর্ঘ বিরতির পর আবারও ফিরলেন জাতীয় দলে।

দুই দলের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে শুক্রবার, ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট আয়োজন করবে মাঠটি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ আগস্ট, পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুই দলই রয়েছে তলানিতে। ১০ ম্যাচে এক জয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে, আর চার ম্যাচে এক জয়ে পাকিস্তানের অবস্থান নবম।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: রস্টন চেইজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, ত্যাগনারায়ন চান্দারপল, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, শেই হোপ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কার্ক ম্যাকেঞ্জি, কিমো পল, কিমার রোচ, জেডেন সিলস।

আরো পড়ুন: