বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলার জন্য বিসিবি থেকে অনাপত্তি পত্র (এনওসি) পেয়েছেন হৃদয়। দ্রুতই শ্রীলঙ্কার বিমান ধরে জাফনা দলের সঙ্গে যোগ দেবেন ডানহাতি এই ব্যাটার। একই দলের হয়ে এলপিএল মাতাচ্ছেন বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান।
জাফনার হয়ে খেলার কথা ছিল তাসকিন আহমেদেরও। জিম্বাবুয়ে সফর শেষ করেই শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল ডানহাতি এই পেসারের। তবে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির জন্য এলপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তাসকিন সরে দাঁড়ানোর পর জাফনায় যোগ দিচ্ছেন হৃদয়। ধারণা করা হচ্ছে, ডানহাতি পেসারের বদলি হিসেবে দলে নেওয়া হচ্ছে তাকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে এলপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে হৃদয়ের। ২০২৩ সালে প্রথমবারের মতো এলপিএল খেলেন ডানহাতি এই ব্যাটার। সেবার ৬ ম্যাচে এক হাফ সেঞ্চুরিতে ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ১৫৫ রান করেছিলেন। পরের বছর অর্থাৎ ২০২৪ সালে হৃদয় খেলেছিলেন ডাম্বুলা সিক্সার্সের জার্সিতে।
সেবার তিন ম্যাচের দুই ইনিংসে ব্যাটিং করে মাত্র এক রান করেছিলেন। আবারও শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হচ্ছে হৃদয়ের। এদিকে এলপিএলে গল গ্যালান্টসের হয়ে খেলছেন মেহেদী হাসান মিরাজ। একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে ২৩ জুলাই শ্রীলঙ্কাতে গেছেন নুরুল হাসান সোহান। এ ছাড়া কলম্বো ক্যাপসের হয়ে লঙ্কা দ্বীপে খেলছেন পেসার হাসান মাহমুদ।