তিনি জানিয়েছেন, চেজের ডান হাতের তর্জনীতে এখনো কিছুটা ফোলা থাকলেও দ্রুত সেরে উঠছেন। পাশাপাশি চেজ অনুশীলনেও যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন স্যামি। ফিজিও ডেনিস বায়াম তাকে নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন বলেও জানালেন এই কোচ।
স্যামির ভাষায়, ‘রোস্টনের সঙ্গে আজ কথা হয়েছে। সে অনুশীলনেও এসেছে। এখনো কিছুটা ফোলা আছে, তবে সে একজন লড়াকু ক্রিকেটার। আমি জানি, সে কোনোভাবেই টেস্ট মিস করতে চাইবে না। আমাদের ফিজিও ডেনিস বায়ামও খেলোয়াড়দের মাঠে ফেরানোর উপায় জানেন। তাই আমি নিশ্চিত, প্রথম টেস্টের জন্য রোস্টন প্রস্তুত থাকবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারার পর ২৫ জুলাই তারুবারে পাকিস্তানের বিপক্ষে সিরিজ করবে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে পয়েন্ট তালিকায় ওয়েস্ট ইন্ডিজ অষ্টম, আর পাকিস্তান রয়েছে সবার নিচে।
এদিকে ১৯ বছর বয়সী বাঁহাতি রিস্ট স্পিনার ভাইটেল লসের অভিষেক ওয়ানডে সিরিজ নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন স্যামি। চলতি বছরের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর কাড়া এই স্পিনার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট।
স্যামি বলেন, ‘ওর জন্য আমি সত্যিই গর্বিত। কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই তাকে সুযোগ দেওয়া হয়েছিল। এটা আবেগের সিদ্ধান্ত ছিল না, ওকে দ্রুত প্রস্তুত করার জন্য নির্দিষ্ট পরিকল্পনা অনুসরণ করা হয়েছে। সিরিজ শেষে আমি ওকে বলেছি, ৮ উইকেট নিয়ে সে প্রমাণ করেছে এই পর্যায়ে খেলার সামর্থ্য তার আছে।’