কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ব্যাটিং করার সময় ব্যথা পেয়েছিলেন ওয়াশিংটন। ড্রিংকস ব্রেকের সময় তার বা’পায়ে উরুতে টেপ পেঁচিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে ৫ বলে ২ রান করে আউট হয়ে যখন ড্রেসিং রুমের দিকে ফিরছিলেন তখনও খানিকটা অস্বস্তিতে দেখা গেছে। এ ছাড়া ইংল্যান্ড যখন রান তাড়া করতে নামে তখন ফিল্ডিং করতে নামেননি ওয়াশিংটন।
এমন অবস্থায় চোটের জন্য লর্ডসে হতে যাওয়া শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন ভারতীয় এই অলরাউন্ডার। ম্যাচ শেষে ব্যাটিং কোচ সিতাংশু কোতাক বলেছিলেন, ‘ওয়াশিংটন যখন মিড অফে ঠেলে দিয়ে প্রথম রানের জন্য দৌড়েছিলেন তখনই চোটে পড়েন। সে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। দেখে মনে হচ্ছে চোটটা গুরুতর।’
সেই চোটে সিরিজ থেকে ছিটকে যান ওয়াশিংটন। এমন অবস্থায় ভারতের ওয়ানডে দলে ডাকা হয়েছে আইপিএলে আলো ছড়ানো হার্শকে। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হওয়ার পরই জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন বাঁহাতি এই স্পিনার। সবশেষ আফগানিস্তান সিরিজে দুই ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। ফলস্বরূপ ইংল্যান্ড সফরেও ডাকা হলো হার্শকে।
এদিকে ওয়াশিংটন ছিটকে গেলেও বাঁহাতি স্পিনার হিসেবে স্কোয়াডে ছিলেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। প্রথম দুই ম্যাচে অক্ষর এবং ওয়াশিংটন খেলেছেন। তৃতীয় ম্যাচে বাঁহাতি স্পিনারের জায়গায় কুলদীপ নাকি হার্শ খেলবেন সেটা নিশ্চিত নয়। প্রথম দুই ম্যাচে একটি করে ম্যাচ জেতায় সিরিজে ১-১ সমতা। লর্ডসে যারা জিততে পারবে তারাই সিরিজ নিজেদের করে নেবে।
তৃতীয় ওয়ানডের জন্য ভারতের স্কোয়াড— শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইশান কিশান, অক্ষর প্যাটেল, শিভাম দুবে. কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং, গুরনর ব্রার, প্রিন্স যাদব এবং হার্শ দুবে।