রোহিতের পর কোহলির অবসরের শঙ্কা দেখছেন বাসিত

ভারত ক্রিকেট
বাসিত আলী, ফাইল ফটো
বাসিত আলী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সম্প্রতি রোহিত শর্মার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে জোর গুঞ্জন তৈরি হলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় এখনও রয়েছেন এই ওপেনার। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি মনে করেন ফর্ম ধরে রাখতে পারলে আরো বেশ কিছুদিন খেলা চালিয়ে যাওয়া উচিৎ রোহিতের। তার ধারণা, টেস্ট ক্রিকেট থেকে যেভাবে রোহিত ও বিরাট কোহলি প্রায় একই সময়ে বিদায় নিয়েছিলেন, ওয়ানডেতেও তেমন কিছু ঘটতে পারে।

ভারতীয় গণমাধ্যমের মতে ভারতের জার্সিতে এটাই শেষ ম্যাচ অধিনায়ক রোহিতের। ওয়ানডে সিরিজ শুরুর আগে ভারতীয় দলের নির্বাচকেরা রোহিতের সঙ্গে আলোচনা করেছিলেন। ২০২৭ সালে আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভবিষ্যতে তরুণ ওপেনারদের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা তাকে জানানো হয়।

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘রোহিত যদি ভালো খেলতে থাকে, তাহলে তার খেলে যাওয়া উচিত। কিন্তু ইংল্যান্ড সিরিজের দুই-একটি ম্যাচের পারফরম্যান্স কিংবা গৌতম গম্ভীরের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে যদি তার ভবিষ্যৎ বিচার করা হয়, তাহলে বিরাট কোহলির বিষয়টিও মাথায় রাখতে হবে।’

তার মতে, রোহিতকে নিয়ে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটি উল্টো ফল বয়ে আনতে পারে। সেক্ষেত্রে বিরাটের ওপর বাড়তি চাপ পড়তে পারে বলে মনে করেন বাসিত। ক্রিকেটের জন্যই সেটি হতে দেওয়া ঠিক হবে না বলে মনে করেন তিনি।

বাসিত বলেন, ‘আজ যদি রোহিতের পালা হয়, তাহলে পরেরবার বিরাটেরও হতে পারে। টেস্ট ক্রিকেট থেকে যেভাবে বিরাট অবসর নিয়েছে, তাতে এমনও হতে পারে যে লর্ডসেই দুজন একসঙ্গে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেবে। অতিরিক্ত চাপ সৃষ্টি করা হলে এমন সিদ্ধান্ত আসতে পারে, যা হবে বড় ভুল। কারণ ক্রিকেট বিশ্ব এখনও বিরাটকে খেলতে দেখতে চায়।'

ইংল্যান্ড সিরিজে এখন পর্যন্ত ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না রোহিতের। তিন ইনিংসে তিনি করেছেন মাত্র ৩৭ রান। প্রথম ম্যাচে ১১ রান করার পর দ্বিতীয় ম্যাচে ৪৭ বলে ২৭ রান করেন। সর্বশেষ পাঁচ ইনিংসে তার সংগ্রহ ১৮০ রান, গড় ৩৬; যার মধ্যে রয়েছে একটি মাত্র অর্ধশতক।

অন্যদিকে একই সময়ে ব্যাট হাতে দারুণ ধারাবাহিক কোহলি। শেষ পাঁচ ইনিংসে তিনি ৬২ গড়ে করেছেন ৩১০ রান। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি অর্ধশতক। কার্ডিফে দ্বিতীয় ওয়ানডেতে ৬৬ বলে ৬৫ রানের ইনিংসও খেলেছেন তিনি।

আরো পড়ুন: