বাজবল ক্রিকেট দিয়ে অ্যাশেজে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেওয়াতে বদ্ধপরিকর ছিল ইংলিশরা। তবে অস্ট্রেলিয়া সফরে গিয়ে কাজে লাগেনি ম্যাককালামের পরিকল্পনা। উল্টো ৪-১ ব্যবধানে হেরে দেশে ফিরতে হয় তাদের। অ্যাশেজে ভরাডুবির পরই টেস্ট দলের চাকরি নিয়ে টানাটানিতে পড়েন ম্যাককালাম। যদিও তার উপরই শেষ পর্যন্ত আস্থা রেখেছিল ইসিবি।
দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে না পারা, কদিন আগে নিউজিল্যান্ডের কাছে সিরিজ খোয়ানোয় ম্যাককালামকে বরখাস্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হওয়ার দৌড়ে আছেন অ্যান্ড্রু ফ্লিনটফ, রিচার্ড ডসন, রায়ান ক্যাম্পবেল ও জাস্টিন ল্যাঙ্গার। পাশাপাশি বিবেচনা করা হচ্ছে ফ্লাওয়ারকেও। ইংল্যান্ডের সঙ্গে আগেও কাজ করেছেন তিনি।
২০০৯, ২০১০-১১ ও ২০১৩ সালে অ্যাশেজ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ফ্লাওয়ার। বর্তমান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় করছেন তিনি। আইপিএলের সবশেষ দুই আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে টানা দুই শিরোপাও জিতিয়েছেন। ফ্লাওয়ারের সঙ্গে বেঙ্গালুরুতে কাজ করা কার্তিক মনে করেন, ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার জন্য দারুণ একজন প্রার্থী হবেন। তবে জিম্বাবুইয়ান কোচ যদি দায়িত্ব দেন তাহলে কার্তিক অবাক হবেন।
স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে কার্তিক বলেন, ‘সত্যি বলতে আমার মনে হয় সে (অ্যান্ডি ফ্লাওয়ার) দারুণ একজন প্রার্থী হবেন। যাদের নাম ভাবা হচ্ছে তাদের মধ্যে তার নাম অবশ্যই থাকা উচিত। কিন্তু ইংল্যান্ডের বর্তমান পরিস্থিতি এবং তার ঠাসা সূচির কথা বিবেচনা করে সে যদি দায়িত্ব নেন তাহলে আমি খুব বেশি অবাক হবো।’
আইপিএলের সবশেষ আসরে বেঙ্গালুরুর হয়ে খেলার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারেননি জ্যাকব বেথেল। রাজস্থান রয়্যালসের খেলার জন্য ছিলেন না জফরা আর্চারও। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য জাতীয় দলের হয়ে টেস্টে না থাকায় তাদের নিয়ে সমালোচনা হয়েছে। নতুন কোচ নিয়োগে আইপিএলের জন্য ছাড় দেওয়া হবে। কার্তিক মনে করেন, এটাও সমস্যা তৈরি করতে পারে।
কার্তিক বলেন, ‘আমি একটা প্রতিবেদন পড়ছিলাম যেখানে বলা হয়েছে আইপিএলের জন্য ছাড় দেওয়া হবে। অন্য টেস্টগুলোতে থাকতে পারলেই খুশি। জ্যাকব বেথেল যখন প্রথম টেস্টে খেলেনি, জফরা আর্চারও অনুপস্থিত ছিল। তখন একটা শোরগোল তৈরি হয়েছিল। অনেকে বলতে শুরু করেছিল একজন খেলোয়াড় কেন আসেনি? আমি শুনেছি আগামী বছরের মে মাসে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট আছে। অ্যান্ডি ফ্লাওয়ার যদি বেঙ্গালুরুর দায়িত্বে থাকেন তাহলে সেটা চ্যালেঞ্জিং হতে পারে।’