ভারতের দায়িত্ব ছাড়তে চান ডেসকাটে

ভারতীয় ক্রিকেট
রায়ান টেন ডেসকাটে
রায়ান টেন ডেসকাটে
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লম্বা সময় ধরে ভারতের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন রায়ান টেন ডেসকাটে। ক্রিকবাজ জানিয়েছে ডাচ এই কোচ ভারতের চাকরী ছাড়ার কথা ভাবছেন। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের অনুমতি মিললে চলতি সপ্তাহই শেষ হতে পারে ডাসকাটের ভারতের অধ্যায়।

সবকিছু ঠিক থাকলে ১৯ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেই হতে পারে ভারতীয় ড্রেসিংরুমে তার শেষ দিন। ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা টেন ডেসকাটে ইতোমধ্যেই বিসিসিআইকে জানিয়েছেন।

একই সঙ্গে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধও করেছেন। জানা গেছে ব্যক্তিগত কারণেই ভারতের দায়িত্ব ছেড়ে দিতে চান ডেসকাটে। দুই বছর আগে ভারতের কোচিং স্টাফে যোগ দেন ডেসকাটে। বিসিসিআইয়ের সঙ্গে তার প্রাথমিক চুক্তির মেয়াদও শেষ হয়েছে।

১২ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে বলে দাবি ক্রিকবাজের। ডেসকাটে তিন ছেলের পাশে বেশি সময় কাটাতে চান। পাশাপাশি স্ত্রীও কর্মজীবী হওয়ায় পরিবারের দায়িত্ব ভাগ করে নেওয়ার প্রয়োজন রয়েছে। পরিবার লন্ডনে থাকলেও ভারতীয় দলের দায়িত্বে বছরের বেশির ভাগ সময়ই ভ্রমণে থাকতে হয়।

তাই কম ভ্রমণ করতে হয় এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো যায়, এমন একটি দায়িত্ব খুঁজছেন তিনি। গম্ভীরের সঙ্গে ডেসকাটের সম্পর্ক ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রেই বেশ ঘনিষ্ঠ। ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর গম্ভীরই তাকে কোচিং স্টাফে নেয়ার জন্য বিসিসিআইকে সুপারিশ করেছিলেন।

প্রকাশ্যেও একাধিকবার টেন ডাসকাটের প্রশংসা করেছেন গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সে গম্ভীরের নেতৃত্বে লম্বা সময় খেলেছেন ডেসকাটে। পাশাপাশি দলটির কোচিং প্যানেলেও গম্ভীরের অধীনে কাজের অভিজ্ঞতা আছে এই ডাচ কোচের। সেখান থেকেই দুজনের ঘনিষ্ঠতা শুরু হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।