নেতৃত্ব হারালেও মাসুদ আত্মবিশ্বাসী, খেলোয়াড় হিসেবে দারুণ করবে: সরফরাজ

পাকিস্তান ক্রিকেট
শান মাসুদ, ফাইল ফটো
শান মাসুদ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অধিনায়কত্ব হারালেও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবেন শান মাসুদ, এমনটাই মনে করছেন পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের আগে রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি ক্যাম্প শেষে তিনি জানান, অভিজ্ঞ এই ব্যাটারের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই এবং দলের জন্য তিনি আগের মতোই নিজেকে নিংড়ে দিচ্ছেন।

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হারের পর প্রায় তিন বছরের অধিনায়কত্বের অধ্যায়ের ইতি ঘটে শানের। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড আবারও বাবর আজমের হাতে নেতৃত্ব তুলে দেয়। সামনে ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট এবং এরপর ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান।

সরফরাজ বলেন, 'আমি শান মাসুদের সঙ্গে কথা বলেছি। তার আত্মবিশ্বাস অনেক ভালো। উরুর পেছনের পেশিতে সামান্য অস্বস্তি থাকায় প্রায় এক সপ্তাহ বিশ্রামে ছিল, তবে পুরো প্রস্তুতি শিবিরে তার মনোভাব ছিল দারুণ। শান একজন অভিজ্ঞ ও বিচক্ষণ ক্রিকেটার। এমন পরিস্থিতি কীভাবে সামলাতে হয়, সে জানে। অধিনায়ক হিসেবে যেমন অবদান রেখেছে, খেলোয়াড় হিসেবেও তেমন অবদান রেখে যাবে।'

নতুন করে দায়িত্ব পাওয়া বাবর আজমের প্রতিও আস্থা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধান কোচ। তার ভাষায়, 'বাবর এর আগেও পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছে। তার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি, তাঁর নেতৃত্বে দলের অবস্থার উন্নতি হবে।'

এক মাসেরও বেশি সময় ধরে চলা প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সরফরাজ। লাহোরে দীর্ঘ প্রস্তুতি শিবিরের পর স্বল্প বিরতি দিয়ে রাওয়ালপিন্ডিতে আরও কয়েক দিন অনুশীলন করেছে দল।

তিনি বলেন, 'আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া অনেকটা লাহোরের মতোই আর্দ্র হবে, যদিও কিছুটা বেশি গরম থাকতে পারে। সেই বিষয়টি মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিয়েছি। কঠোর পরিশ্রমের প্রতিফলন ভালো ফলাফলে দেখতে চাই।'

আরো পড়ুন: