লঙ্কান ক্রিকেটারের দিকে তেড়ে গিয়ে শাস্তির মুখে বৈভব

ভারত ক্রিকেট
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের এক ম্যাচ শেষে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ভারত ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যকার ম্যাচ শেষে প্রতিপক্ষের এক ক্রিকেটারকে ধাক্কা দেওয়ার ঘটনায় আলোচনায় উঠে এসেছে ১৫ বছর বয়সী এই উদ্বোধনী ব্যাটারের নাম। তবে ঘটনাটির পর তার পাশে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্ট ও ভারতীয় ক্রিকেট বোর্ড।

খেলা শেষে প্রতিপক্ষকে ধাক্কা দেওয়ার কারণে বৈভবের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হতে পারে বলে জানা গেছে। অতীতে একই ধরনের ঘটনায় শাস্তির নজিরও রয়েছে। পাশাপাশি তাকে সতর্কবার্তাও দেওয়া হতে পারে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

ঘটনার পর বৈভবকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন অধিনায়ক তিলক ভার্মা। তার দাবি, পুরো ম্যাচজুড়ে শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটার ভারতীয় খেলোয়াড়দের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করে যাচ্ছিলেন। আম্পায়ারের কিছু সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ ছিল দলের। তবে সেসব উপেক্ষা করেই খেলছিল ভারত। তিলকের ভাষ্য, ম্যাচ শেষে সাজঘরে ফেরার সময়ও বৈভবকে উসকানি দেওয়া হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, এই ঘটনায় বোর্ডের পক্ষ থেকে কোনো অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই। তাদের মূল লক্ষ্য তরুণ ক্রিকেটারদের খেলায় মনোযোগী রাখা। বোর্ড মনে করে, এমন একটি ঘটনা নিয়ে বাড়তি চাপ তৈরি হলে একজন উদীয়মান ক্রিকেটারের মনোসংযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে।

দলের প্রধান কোচ সাইরাজ বাহুতুলেও বৈভবের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, 'বৈভব আবেগ নিয়ে খেলে এবং মাঠের প্রতিটি মুহূর্তে নিজেকে উজাড় করে দেয়। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়িয়ে চলবে এই তরুণ ক্রিকেটার। বাহুতুলের মতে, পুরো ম্যাচজুড়েই বৈভবকে বিরক্ত করার চেষ্টা করা হয়েছিল।'

ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। অতিরিক্ত ওভারের শেষ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল আট রান। তবে বৈভব রান তুলতে ব্যর্থ হন। এরপর প্রতিপক্ষের এক ক্রিকেটারের উল্লাস বা আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে ধাক্কা দেন তিনি। সঙ্গে সঙ্গে সতীর্থ সূর্যাংশ শেড়গে এবং শ্রীলঙ্কার নিরোশন ডিকওয়েলা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শুধু ওই ঘটনাই নয়, পুরো ম্যাচেই উত্তেজনার পারদ ছিল চড়া। একাধিক সিদ্ধান্ত নিয়ে অধিনায়ক তিলক ভার্মাকে আম্পায়ারদের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। আলো স্বল্পতা, অতিরিক্ত ওভারের সিদ্ধান্ত এবং একটি নো-বলকে ঘিরেও অসন্তোষ ছিল ভারতীয় শিবিরে।

আরো পড়ুন: