আবারও নাইট ক্লাব বিতর্কে স্টোকস, তদন্তে ইসিবি

ইংল্যান্ড ক্রিকেট
বেন স্টোকস
বেন স্টোকস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১১৫ রানের জয়ের পর ইংল্যান্ড শিবিরে নতুন বিতর্ক। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, দলের নিয়ম ভঙ্গের অভিযোগে তদন্তের মুখে পড়েছেন অধিনায়ক বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসন।

সোমবার রাতে এক বিবৃতিতে ইসিবি জানায়, সোমবার ভোরে একটি নাইটক্লাবে গিয়েছিলেন স্টোকস ও অ্যাটকিনসন। সেখানেই একটি ‘ঘটনা’ ঘটে, যা নিয়ে তদন্ত চলছে। তবে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বোর্ড।

ইসিবির বিবৃতিতে বলা হয়, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শেষ হওয়ার পর দলের প্রটোকল ভঙ্গের একটি ঘটনার তদন্ত করছে ইসিবি। সোমবার ভোরে একটি নাইটক্লাবে বেন স্টোকস ও গাস অ্যাটকিনসন উপস্থিত ছিলেন, যেখানে একটি ঘটনা ঘটে।’

বোর্ড আরও জানায়, বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। দ্বিতীয় টেস্টের দল ঘোষণা যথাসময়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। ইসিবি জানিয়েছে, ক্রিকেট রেগুলেটরকেও বিষয়টি অবহিত করা হয়েছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে ২০১৭ সালে ব্রিস্টলের একটি নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনায় গ্রেপ্তার হন স্টোকস। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। এ ঘটনার কারণে সে বছরের অ্যাশেজের আগে ইংল্যান্ড দল থেকেও বাদ পড়েন তিনি। পরে আদালতে নির্দোষ প্রমাণিত হলেও ইসিবি তাঁকে শাস্তি হিসেবে কয়েকটি ম্যাচে নিষিদ্ধ করেছিল।

আরো পড়ুন: