ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে। ২০২৮ সালের অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই পরিকল্পনা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। অধিনায়কত্ব পাওয়ার জন্য আইয়ার সবচেয়ে যোগ্য প্রার্থী ছিলেন বলেও নিশ্চিত করেছেন আগারকার।
তিনি বলেন, ‘সূর্যকে নিয়ে সিদ্ধান্তটা অবশ্যই কঠিন ছিল। বিশ্বকাপ জেতার পর এমন সিদ্ধান্ত সহজ নয়। কিন্তু সাধারণত প্রতিটি বিশ্বকাপের পর আমরা সামনে এগোনোর সেরা পথ নিয়ে নতুন করে ভাবি। আংশিকভাবে তার নিজের ফর্ম, আবার সামনে দুই বছরের চেয়ে কিছু বেশি সময় পরের বিশ্বকাপের পরিকল্পনাও বিবেচনায় ছিল। আমাদের মনে হয়েছে, এটাই সেরা পথ। আর শ্রেয়াস নিঃসন্দেহে এই দায়িত্বের যোগ্য প্রার্থী।’
আগারকার আরও যোগ করেন, ‘অবশ্যই এটি কঠিন সিদ্ধান্ত। যে আপনাকে বিশ্বকাপ জিতিয়েছে, তাকে বাদ দেওয়া সহজ নয়। কিন্তু বিশ্বকাপের পর আমরা আর কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলিনি। ফর্ম যেমন ছিল, তেমনি ভবিষ্যতের পরিকল্পনাও মাথায় ছিল। আর নতুন অধিনায়ক হিসেবে আমাদের কাছে শ্রেয়াসই সঠিক পছন্দ মনে হয়েছে।’
সর্বশেষ আইপিএলে ভালো সময় যায়নি সূর্যকুমারের। তিনি ১৩ ইনিংসে ২৭০ রান করেছিলেন। যা ২০১৭ সালের পর টুর্নামেন্টে তার সর্বনিম্ন সংগ্রহ। সেবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে সূর্যকুমার সাত ইনিংসে করেছিলেন ১০৫ রান। আইপিএল ২০২৬ এ তার গড় ছিল ২০.৭৬, যা ২০১৭ সালের পর সর্বনিম্ন। এবার তার স্ট্রাইক রেট ১৪৭.৫৪, যা ২০২২ সালের পর সবচেয়ে কম।
২০২৫ সালে ভারতের হয়ে টি-টোয়েন্টি তার রান খরা শুরু হয়। সেই বছর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ইনিংসে তিনি করেছিলেন মাত্র ২৮ রান, গড় ছিল মাত্র ৫.৬০। এরপর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ ছাড়া আর কোনো ইনিংসে ১৫ রানও পেরোতে পারেননি। ছয় ইনিংসে তার মোট রান ছিল ৭২, স্ট্রাইক রেট ১০১.৪০। ভারত শিরোপা জিতলেও সূর্যকুমার ছিলেন চূড়ান্ত অফ ফর্মে।