গিল-রাহুলের সেঞ্চুরিতে রান পাহাড়ের পথে ভারত

ভারত-আফগানিস্তান সিরিজ
বিসিসিআই
বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সেঞ্চুরি করতে না পারার আক্ষেপে পুড়লেন সাই সুদর্শন। তবে একই পথে হাঁটলেন না লোকেশ রাহুল। নড়বড়ে শুরুর পর দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি করলেন ডানহাতি এই ব্যাটার। শেষ বিকেলে সেঞ্চুরি পেলেন শুভমান গিলও। সাবলীল ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে ভারতকে চারশর কাছাকাছি সংগ্রহ এনে দিলেন তারা। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ তিন উইকেটে ৩৬৮ রান।

নিউ চণ্ডগড়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে খানিকটা অস্বস্তিতে ছিলেন ভারতের দুই ওপেনার। একবার জীবন পেলেও সেটা কাজে লাগাতে পারেননি ইয়াশভি জয়সাওয়াল। মোহাম্মদ সালিমের লেগ সাইডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ওপেনার।৩২ বলে ২৪ রান করে আউট হয়েছেন তিনি। আরেক ওপেনার রাহুলও স্বস্তিতে ছিলেন না। একাদশ ওভারে আউটও হতে পারতেন তিনি।

বল ব্যাটে লাগলেও আম্পায়ার আউট দেননি। আফগানিস্তানও রিভিউ নেয়নি। ফলে জীবন পান রাহুল। জয়সাওয়ালকে হারানোর পর রাহুল ও সুদর্শন মিলে ভারতকে টেনে নিয়ে যেতে থাকেন। ৮৬ বলে হাফ সেঞ্চুরি করেন রাহুল। সুদর্শন পঞ্চাশ ছুঁয়েছেন ৬৭ বলে। দুর্দান্ত ব্যাটিং করলেও সেঞ্চুরি পাওয়া হয়নি তাঁর। ১০৪ বলে ৮১ রানের ইনিংস খেলে সালিমের বলে আউট হয়েছেন সুদর্শন।

বাঁহাতি ব্যাটার না পারলেও সেঞ্চুরি করেছেন রাহুল। ১৬৪ বলে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি করেছেন তিনি। যদিও একশ ছোঁয়ার পরই থামতে হয় তাকে। জিয়া উর রহমানের বলে শর্ট এক্সট্রা কভারে রহমানউল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়েছেন। শেষ বিকেলের বাকিটা সময় অনায়াসে কাটিয়ে দিয়েছেন পান্ত ও গিল। তারা দুজনে মিলেই ভারতকে এগিয়ে নিয়েছেন।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলের মৌসুমটা ভালো কাটেনি পান্তের। তবে জাতীয় দলের হয়ে ফিরেই ৭০ বলে হাফ সেঞ্চুরি করেন বাঁহাতি উইকেটকিপার ব্যাটার। ৬৮ বলে হাফ সেঞ্চুরি করা গিল ১৩৮ বলে সেঞ্চুরি করেছেন। গিল ১০৩ ও পান্ত ৫০ রানে অপরাজিত আছেন। আফগানিস্তানের হয়ে সালিম দুইটি ও জিয়া একটি উইকেট নিয়েছেন।

আরো পড়ুন: