‘জয়সাওয়ালের বদলে রোহিতকে দলে নেয়ার যৌক্তিকতা নেই’

ভারতীয় ক্রিকেট
ইয়াশভি জয়সাওয়াল ও রোহিত শর্মা, ফাইল ফটো
ইয়াশভি জয়সাওয়াল ও রোহিত শর্মা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিজের সবশেষ ওয়ানডে ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ইয়াশভি জয়সাওয়াল। তবুও পরের সিরিজের দল থেকেই বাদ দেয়া হয়েছে তাকে। তার পরিবর্তে সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে দলে রাখা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। মাঞ্জরেকার মনে করেন, এভাবে বাদ দেওয়ায় জয়সাওয়ালের কাছে দুঃখ প্রকাশ করা উচিৎ ভারতীয় নির্বাচকদের।

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে দীর্ঘদিন ধরেই বিবেচিত হচ্ছেন জয়সওয়াল। তবে শেষ ওয়ানডে ইনিংসে অপরাজিত ১১৬ রান করার পরও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি এই বাঁহাতি ওপেনারের। স্পোর্টস্টারের ‘ইনসাইড এজ’ পডকাস্টে কথা বলতে গিয়ে সঞ্জয় মাঞ্জরেকার বলেন, ২৪ বছর বয়সী জয়সওয়ালকে বাদ দিয়ে ৩৯ বছর বয়সী রোহিত শর্মার ওপর আস্থা রাখার যৌক্তিকতা তিনি খুঁজে পাচ্ছেন না।

মাঞ্জরেকার বলেন, 'জয়সওয়ালের শেষ ইনিংস ছিল অপরাজিত ১১৬। তারপরও সে ভারতের হয়ে খেলছে না। অথচ নির্বাচকরা এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারকে বেছে নিয়েছেন, যার ফিটনেস ও বর্তমান ফর্ম দুইটা নিয়েই প্রশ্ন আছে। এর ব্যাখ্যা কী? এর পেছনের যুক্তি বা ভবিষ্যৎ পরিকল্পনা কী?'

তার মতে, যদি কোনো কারণে রোহিত শর্মাকে দলে রাখতেই হতো, তাহলে নির্বাচকদের উচিত ছিল ব্যক্তিগতভাবে জয়সওয়ালের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি পরিষ্কার করা।

মাঞ্জরেকার আরও যোগ করেন, 'যদি আপস করে রোহিত শর্মাকে নেওয়ার সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে প্রথম কাজ হওয়া উচিত ছিল জয়সাওয়ালকে ফোন করে দুঃখ প্রকাশ করা। সে এমন একজন তরুণ ক্রিকেটার, যে টেস্ট ক্রিকেটের সবচেয়ে কঠিন পর্যায়ে নিজেকে প্রমাণ করেছে। তার বয়স মাত্র ২৪, ক্যারিয়ারের সেরা সময় সামনে পড়ে আছে।'

রোহিতের নেতৃত্বে ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত খেলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। ২০২৭ সাউথ আফ্রিকা বিশ্বকাপের জন্য দলকে নতুন রূপে দেখতে চান মাঞ্জরেকার। সে কারণে বিরাট কোহলিকে ওয়ানডে দলে চাইলেও ওপেনিংয়ে যথেষ্ট যোগ্য বিকল্প থাকার পরেও রোহিতকে রাখার পক্ষে নন সাবেক এই ক্রিকেটার।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'রোহিত শর্মাকে নেওয়া হয়েছে। বিরাট কোহলির ক্ষেত্রে অন্তত কিছুটা যুক্তি খুঁজে পাওয়া যায়। কিন্তু এটা বিশ্বাস করা কঠিন যে অজিত আগারকার মনে করেন এটাই ভারতের জন্য সঠিক পথ। দুই বছর পরও কি রোহিত শর্মাই ভারতের ৫০ ওভারের ক্রিকেটের প্রধান ভরসা থাকবেন? নাকি যশস্বী জয়সওয়াল কিংবা সাই সুদর্শনের মতো তরুণদের সুযোগ দেওয়া উচিত?'

আরো পড়ুন: