বেলফাস্টে ২ উইকেটে ৬৫ রান নিয়ে তৃতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। দিনের শুরুতেই থমাস মায়েসকে থামান নাথান স্মিথ। ডানহাতি পেসারের বলে মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৫ বলে ৫ রান করে। উইকেটে থিতু হতে পারেননি হ্যারি টেক্টর। ব্লেইর টিকনারের বলে লাথামের হাতে ক্যাচ বানিয়েছেন তিনি।
দলের রান একশ হওয়ার আগে চোটে পড়েন কার্টিস ক্যাম্ফার। পরে আর ব্যাটিং করতে পারেননি তিনি। তাতে স্বাগতিকদের বিপদ আরও বাড়ে। আয়ারল্যান্ডের রান একশ পার হওয়ার পরই আউট হয়েছেন দোহানি। সাবধানী ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করা দোহানি ১১৭ বলে ৫৭ রান করেছেন।
অ্যান্ডি ম্যাকব্রাইনও সুবিধা করতে পারেননি। শেষের দিকে রান বাড়ানোর চেষ্টা করেন টাকার ও অ্যাডায়ার। যদিও সেটা খুব বেশি কাজে দেয়নি। ৭০ বলে ৫০ রানের ইনিংস খেলেন টাকার। অ্যাডায়ার ৪৭ বলে অপরাজিত ৪৭ রান করেছেন। শেষ পর্যন্ত ২৩২ রানে অল আউট হয় আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে টিকনার ৫ উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংসে শুরুতে চাপে পড়লেও পরবর্তীতে ধাক্কা সামাল দেন রাচিন ও ব্লান্ডেল। তারা দুজনেই সেঞ্চুরি করেন। ১৯৪ বলে ১২১ রানের ইনিংস খেলেছেন রাচিন। আরেক ব্যাটার ব্লান্ডেল ২৯২ বলে ১৮৬ রান করেছেন। এ ছাড়া বাংলাদেশ সফরে আলো ছড়িয়ে সুযোগ পাওয়া ডিন ফক্সক্রফট ৯৮ রান করেছেন।