বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে দুই হট ফেভারিট ভারত ও ইংল্যান্ড। বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন বলছে, সর্বোচ্চ চেষ্টা করা হবে ম্যাচের দিনই খেলা শেষ করতে। ম্যাচের জন্য নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ করা না গেলে আম্পায়াররা আরও ৯০ মিনিট বাড়তি সময় পাবেন খেলা শেষ করতে। সেটিও সম্ভব না হলে কার্টেল ওভারে হবে ম্যাচটি।
গ্রুপ পর্ব বা সুপার এইটের ম্যাচগুলোতে দুই দলেরই নূন্যতম পাঁচ ওভারের ম্যাচ খেলার নিয়ম আছে। কিন্তু সেমিফাইনাল ও ফাইনালের জন্য এই বাধ্যবাধকতাটি নূন্যতম দশ ওভারের। ম্যাচ ডে'তে কার্টেল ওভারের ম্যাচও খেলা সম্ভব না হলে খেলা গড়াবে রিজার্ভ ডে'তে। রিজার্ভ ডে'তে আবার ম্যাচ শেষ করতে রাখা হয়েছে বাড়তি দুই ঘন্টা সময়। এক্ষেত্রে আগের দিন ম্যাচ ঠিক যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে রিজার্ভ ডে'র খেলা।
কিন্তু বৈরি আবহাওয়ায় রিজার্ভ ডে'তেও খেলা শেষ করা না গেলে ফল মীমাংসা হবে সুপার এইটের ফল হিসেব করে। সুপার এইটে যাদের পয়েন্ট বেশি ছিলো তারাই যাবে ফাইনালে। আর এই সমীকরণেই কপাল পুড়বে ভারতের। কারণ সুপার এইটের তিন ম্যাচই জিতে গ্রুপ সেরা হয়েই সেমিতে এসেছে ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
অন্যদিকে সুপার এইটের তিন ম্যাচে একটি হার ও দুইটি জয় আছে ভারতের। তাই সুপার এইটের সমীকরণে পিছিয়ে আছে ভারত। তাই ম্যাচের কৌশল সাজানোর পাশাপাশি মুম্বাইয়ের আকাশের দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে ভারতকে। কারণ ইংল্যান্ডের পাশাপাশি ভারতের প্রতিপক্ষ হয়ে যেতে পারে বৃষ্টিও।