কঠিন এক সমীকরণ মাথায় নিয়েই স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচে মাঠে নেমেছিলো পাকিস্তান। পাঁচ রানে সেই ম্যাচ জিতলেও টুর্নামেন্ট থেকে তাদের বিদায় ঠেকাতে পারেনি তারা। গ্রুপপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর সুপার এইটে উঠে এমন বিদায় নেয়ায় পাকিস্তানের মাঠের ক্রিকেটই মোটাদাগে প্রশ্নবিদ্ধ এখন। এরই মধ্যে খবর এলো শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচের আগের দিন টিম হোটেলে এক খেলোয়াড়ের নারীকর্মীর সঙ্গে অসদাচরণের কথা।
জানা যায়, পাকিস্তানের এক ক্রিকেটার একজন পরিচ্ছন্নতাকর্মীর সাথে অসংলগ্ন আচরণ করার সময় সেই কর্মী চিৎকার করতে থাকেন। তখন হোটেল কর্তৃপক্ষের লোক এসে থাকে উদ্ধার করেন এবং পাকিস্তানের টিম ম্যানেজারের কাছে নালিশ করেন।
পাকিস্তান দলের বরাত দিয়ে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টস তাদের প্রতিবেদনে বলেছে, 'ওই স্টাফ চিৎকার করে সাহায্য চান। তখন হোটেলের অন্যান্য কর্মীরা এসে তাকে উদ্ধার করেন এবং বিষয়টি পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমার কাছে রিপোর্ট করেন।'
সংবাদমাধ্যমটি আরো জানাচ্ছে, 'গোল্ডেন ক্রাউন হোটেল কর্তৃপক্ষ চেয়েছিল বিষয়টি কঠোরভাবে মোকাবেলা করা হোক। তবে দলের ম্যানেজার চিমা ওই খেলোয়াড়ের পক্ষ থেকে ক্ষমা চান এবং অসদাচরণের জন্য তাকে জরিমানা করেন।'
তবে ঘটনা এখানেই শেষ হচ্ছে না। এখনো নাম প্রকাশিত না হওয়া সেই খেলোয়াড়কে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর শৃঙ্খলা কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আরও কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারেও জানাচ্ছে সংবাদমাধ্যমটি।