স্কটল্যান্ড হারিয়ে ইংল্যান্ডের স্বস্তি

টি-টোয়েন্টি বিশ্বকাপ
হাফ সেঞ্চুরিতে ইংল্যান্ডের জয়ের নায়ক টম ব্যান্টন
হাফ সেঞ্চুরিতে ইংল্যান্ডের জয়ের নায়ক টম ব্যান্টন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নেপালের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে হোঁচট খায় ইংল্যান্ড। দুই ম্যাচের একটিতে জিতে পয়েন্ট টেবিলের তিনে ছিল ইংলিশরা। বিপরীত সমান জয়ে দুইয়ে ছিল স্কটল্যান্ড। সুপার এইটের লড়াইয়ে টিকে থাকতে স্কটিশদের হারানোর বিকল্প ছিল না হ্যারি ব্রুকের দলের কাছে। সেই পরীক্ষায় বেশ ভালোভাবেই উতরে গেছে ইংল্যান্ড।

রিচি বেরিংটনের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও লিয়াম ডওসন, আদিল রশিদ ও জফরা আর্চারের বোলিংয়ে স্কটল্যান্ডকে ১৫২ রানে আটকে দেয় তারা। লক্ষ্য তাড়ায় ফিল সল্ট ও জস বাটলার দ্রুত ফিরলেও জ্যাকব বেথেল, টম ব্যান্টন ও স্যাম কারানের ব্যাটে জয় পেয়েছে ইংলিশরা। ৫ উইকেটের জয়ে হাঁফ ছেড়ে বাঁচার পাশাপাশি পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছেন ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা।

কলকাতার ইডেন গার্ডেন্সে রান তাড়ায় শুরুটা একেবারেই ভালো হয়নি ইংল্যান্ডের। ইনিংসের তৃতীয় বলেই ফেরেন ফিল সল্ট। পেসার ব্রেন্ডন ম্যাকমালেনের অফ স্টাম্পের বাইরের বলের ব্যাক ফুটে গিয়ে ড্রাইভের চেষ্টায় এজে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। দ্বিতীয় ওভারে আউট হয়েছেন বাটলারও। ব্র্যাড কারির বলে ক্যাচ নিয়েছেন ম্যাকমালেন। ৪ বলে ৩ রানের বেশি করতে পারেননি তিনি।

ইংল্যান্ডের প্রথম ও বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে চার হাজার রানের মালিক হতে ৩ রানই প্রয়োজন ছিল ডানহাতি ব্যাটারের। ৪ হাজার রান ছুঁয়ে রোহিত শর্মাকে ছাড়িয়ে গেছেন বাটলার। ৩ হাজার ৬৯০ বল খেলে ৪ হাজার রান করেছেন তিনি। আগের রেকর্ডটি ছিল রোহিতের। ভারতের সাবেক অধিনায়কের ৪ হাজার রান করতে খেলতে হয়েছিল ৩ হাজার ৮৬০ বল। সেই রেকর্ডের আগে ইংল্যান্ডের প্রথম ও বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে জাতীয় দলের হয়ে ১৫০ টি-টোয়েন্টি খেলার কীর্তি গড়েছেন বাটলার।

ইংলিশ ওপেনার ফিরলে ১৩ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে ধাক্কা খায় তারা। সেটা অবশ্য সামলে নেন বেথেল ও ব্যান্টন। তারা দুজনে মিলে ৬৬ রান যোগ করেন। ২৮ বলে ৩২ রান করা বেথেলকে ফিরিয়ে জুটি ভাঙেন ওলিভার ডেভিডসন। ছন্দে থাকলেও ব্রুককে ফিরতে হয়েছে দ্রুতই। ৪ বলে ৪ রান করে আউট হয়েছেন মাইকেল লিস্কের বলে। দ্রুতই দুইটি উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে ইংল্যান্ড। যদিও চাপ বাড়তে দেননি ব্যান্টন ও কারান। তারা দুজনে মিলে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন।

দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৩ বলে হাফ সেঞ্চুরি করেছেন ব্যান্টন। ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন কারান। দুই ছক্কা ও এক চারে ২০ বলে ২৮ রান করে আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ১০ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন উইল জ্যাকস। হাফ সেঞ্চুরিতে ইংল্যান্ডের নায়ক বনে যাওয়া ব্যান্টন অপরাজিত ছিলেন ৪১ বলে ৬৩ রানের ইনিংস খেলে। চারটি চারের সঙ্গে তিনটি ছক্কা মেরেছেন তিনি।

এর আগে ব্যাটিংয়ে নেমে ১৫২ রান তোলে স্কটল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৪৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক বেরিংটন। এ ছাড়া মাইকেল জোন্স ২০ বলে ৩৩, টম ব্রুস ১৮ বলে ২৪ ও ডেভিডসন ১৫ বলে ২০ রান করেছেন। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নিয়েছেন রশিদ। দুইটি করে উইকেট নিয়েছেন ডওসন ও আর্চার।

আরো পড়ুন: