শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের

এশিয়া কাপ রাইজিং স্টার্স
এশিয়ান ক্রিকেট কাউন্সিল
এশিয়ান ক্রিকেট কাউন্সিল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ম্যাচ জিততে শেষ ওভারে শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রয়োজন ছিল ১৩ রান। অধিনায়ক ফাহিমা খাতুন নিজের হাতে বল তুলে নিলেন। দুইটা ডাবলের সঙ্গে একটি ওয়াইড, প্রথম তিন বলে ডানহাতি লেগ স্পিনার দেন ৫ রান। শেষ তিন বলে যখন ৮ রান প্রয়োজন তখন চেতনা ভিমুক্তিকে ফেরান ফাহিমা। শেষ দুই বলে ৩ রানের বেশি নিতে পারেননি মিথালি বান্দারা ও ইশান্থি নিমান্থিকা। সানজিদা আক্তার মেঘলা, ফাহিমা ও লতা মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে ৪ রানের জয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স শুরু করেছে বাংলাদেশের মেয়েরা।

ব্যাংককে জয়ের জন্য ১১৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কা ‘এ’ দলের। ইনিংসের তৃতীয় ওভারেই আনুশকা সাঞ্জিভানিকে ফেরান ফাহিমা। চতুর্থ ওভারে সানজানা কাভিন্দীকে বোল্ড করেন সানজিদা মেঘলা। পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ৩৪ রান তোলে। তিনে নেমে লঙ্কানদের এগিয়ে নেওয়ার চেষ্টা করেন হানশিমা কারুনারাত্নে। যদিও তাকে সঙ্গ দিতে পারেননি সত্যয়া সান্দিপানি।

৯ বলে ৭ রান করে বোল্ড হয়েছেন শরিফা খাতুনের বলে। পরের ওভারে শাসিনি গিমহানিকে ফেরান লতা। একপ্রান্ত আগলে রাখা হানশিমাকে বিদায় করে বাংলাদেশকে স্বস্তি এনে দেন জান্নাতুল ফেরদৌস সুমনা। তিন জারে ৩১ বলে ২৬ রান করে আউট হয়েছেন হানশিমা। দ্রুত রান তোলার চেষ্টায় শ্রীলঙ্কার হাল ধরেন আমা কাঞ্চানা। তৃতীয় বলে ছক্কা হজম করলেও পঞ্চম বলে কাঞ্চানাকে ফেরান মেঘলা।

৩০ বলে ২৩ রান করে স্টাম্পিং হয়েছেন লঙ্কান এই ব্যাটার। একই ওভারে মালশা শেহানিকেও আউট করেন বাঁহাতি এই স্পিনার। ১৮ বলে ২০ রান করা সাচিনি নিসানসালাকে বিদায় করে বাংলাদেশের কাজটা সহজ করেছেন লতা। শেষ পর্যন্ত ১১১ রান তুলে থামে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মেঘলা। দুইটি করে উইকেট পেয়েছেন ফাহিমা ও লতা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন ইশমা তানজিম ও শামীমা সুলতানা। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৪৮ রান। পাওয়ার প্লের শেষ ওভারে আউট হয়েছেন ১৯ বলে ১৭ রান করা শামীমা। শুরুতে ঝড়ো ব্যাটিং করলেও পরে দেখেশুনে খেলতে থাকেন ইশমা। তিনি শেষ পর্যন্ত আউট হয়েছেন ২৫ বলে ৩০ রানের ইনিংস খেলে।

তিনে নেমে দেখেশুনে খেলতে থাকেন শারমিন সুলতানা। তিনি একপ্রান্ত আগলে রাখলেও বাকিরা দ্রুতই বিদায় নিয়েছেন। ২৭ বলে ২৯ রান করে শারমিন আউট হয়েছেন নিসানসালার বলে। এ ছাড়া রুবাইয়া হায়দার ঝিলিকের ব্যাট থেকে এসেছে ২০ বলে ১১ রান। শেষের দিকে কেউ সুবিধা করতে না পারায় ১১৫ রানে অল আউট হয় বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার হয়ে চারটি উইকেট নিয়েছেন নিসানসালা। দুইটি করে উইকেট পেয়েছেন সান্দিপানি ও মালশা।

আরো পড়ুন: