কোচিং স্টাফে মিশ্রর সঙ্গে রয়েছেন সৌরভ গাঙ্গুলি, যুবরাজ সিং ও চামিন্দা ভাস। সৌরভ প্রধান কোচ, যুবরাজ সহকারী কোচ এবং ভাস ফাস্ট বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন। সম্প্রতি কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন এনেছে দিল্লি।
আইপিএলে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মিশ্রর। ২০০৮ সালে টুর্নামেন্টের প্রথম আসর থেকে শুরু করে ১৬ মৌসুমে খেলেছেন ১৬২টি ম্যাচ। এর মধ্যে ১০ মৌসুম খেলেছেন দিল্লির হয়ে, যখন দলটির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস।
আইপিএলে মিশ্রর শিকার ১৭৪ উইকেট। এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও রয়েছে তার; ১৭ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। সর্বশেষ ২০২৪ সালে আইপিএলে খেলেছেন এই স্পিনার।
টুর্নামেন্টের ইতিহাসে তিনটি হ্যাটট্রিক করা একমাত্র বোলারও মিশ্র। ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস, ২০১১ সালে ডেকান চার্জার্স এবং ২০১৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে হ্যাটট্রিক করেন তিনি। মজার বিষয়, তার নতুন সহকর্মী যুবরাজ সিংও আইপিএলে দুটি হ্যাটট্রিক করা দুই ক্রিকেটারের একজন; ২০০৯ সালে এই কীর্তি গড়েছিলেন যুবরাজ।
মিশ্রর নিয়োগে উপকৃত হতে পারেন দিল্লির নতুন স্পিনার জিশান আনসারিও। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ট্রেডের মাধ্যমে দিল্লিতে এসেছেন বাঁহাতি রিস্ট স্পিনার আনসারি, বিনিময়ে অন্যদিকে গেছেন টি নটরাজন। আগামী আসরে দিল্লি ধরে রাখলে লেগ স্পিনার বিপ্রজ নিগম ও রেহান আহমেদও মিশ্রর অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পাবেন।