বিসিবির এনওসি পেলেন ৭ ক্রিকেটার

এনপিএল
অনুশীলনে মোহাম্মদ সাইফউদ্দিন, ফাইল ফটো
অনুশীলনে মোহাম্মদ সাইফউদ্দিন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আসন্ন আসরে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন এবং শেখ মেহেদীসহ আরও ৫ ক্রিকেটার। ক্রিকফ্রেঞ্জিকে এমনটা নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র।

বাংলাদেশের এই দুই অলরাউন্ডারকে দলে ভেড়াতে আগেই যোগাযোগ করেছে পোখারা অ্যাভেঞ্জার্স। এতদিন বিসিবির অনাপত্তি পত্রের অপেক্ষায় ছিলেন তারা দুজন। মৌখিকভাবে আগে আলোচনা অনেকটা এগিয়ে থাকলেও বিসিবির এনওসির জন্য অপেক্ষা করতে হয়েছে এই দুই ক্রিকেটারকে।

এদিকে একই দলের হয়ে খেলবেন সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক অধিনায়ককে আগেই দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বর্তমানে জাতীয় দলে ব্রাত্য সাকিব এরই মাঝে জানিয়েছেন এনপিএলের পুরো আসরে খেলতে চান তিনি।

এদিকে সাকিব, সাইফউদ্দিন ও মেহেদীর বাইরে বাংলাদেশের আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে এনপিএলে দেখা যাবে। বিরাটনগর কিংসের হয়ে খেলবেন জিসান আলম। আকবর আলী ও আরিফুল ইসলামকে দেখা যাবে কর্নালি ইয়াকসের জার্সিতে। তিনজনই এনপিএলের অনাপত্তিপত্র পেয়েছেন।

লুম্বিনী লায়ন্সের হয়ে খেলবেন শামীম পাটোয়ারি। জানা গেছে তিনিও বিসিবির এনওসি পেয়েছেন। আগামী ২৬ অক্টোবর পর্দা উঠবে এনপিএলের। ফাইনাল হবে ২১ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে কাঠমাণ্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।

আরো পড়ুন: