দিল্লিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত যুবরাজ। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার পুরোনো সম্পর্ক রয়েছে। মালিকানায় যারা রয়েছেন তাদের সঙ্গেও তার সম্পর্ক দারুণ। তাই এই সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে চান তিনি।
বিবৃতিতে যুবরাজ বলেন, ‘দিল্লি ক্যাপিটালসের সঙ্গে জীবনের নতুন একটি অধ্যায় শুরু করতে পেরে আমি রোমাঞ্চিত। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার পুরোনো সম্পর্ক রয়েছে। মালিকদেরও ভালোভাবে চিনি। তাই এই সুযোগ আমার কাছে বিশেষ কিছু।’
প্রধান কোচ সৌরভের সঙ্গেও কাজ করতে মুখিয়ে আছেন যুবরাজ। তিনি বলেন, ‘দাদার (সৌরভ গাঙ্গুলী) সঙ্গে এবার কোচ হিসেবে কাজ করার অপেক্ষায় আছি। কোচিংয়ের প্রতি আমার সত্যিকারের আগ্রহ রয়েছে। প্রতিভাবান এই দলটির সঙ্গে কাজ শুরু করতে আর তর সইছে না। আমার জন্য এটি রোমাঞ্চকর এক যাত্রা হতে যাচ্ছে। দলের সাফল্যে অবদান রাখতে চাই।’
ভারতের বর্তমান দলটির অনেকেরই ব্যক্তিগত মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন যুবরাজ। বিশেষ করে শুভমান গিল, অভিষেক শর্মা ও প্রাভসিমরান সিংদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার। এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। ২০১৫ সালের আইপিএলের নিলামে তাকে ১৬ কোটিতে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
সে সময় আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে নিজের নাম লিখিয়েছিলেন যুবরাজ। অবশ্য মৌসুমটি ব্যাট হাতে খুব একটা ভালো যায়নি তার। ১৪ ম্যাচে ২৪৮ রানের পাশাপাশি নিয়েছিলেন মাত্র একটি উইকেট। আইপিএলের অন্যতম সফল অলরাউন্ডার হিসেবে ধরা হয় যুবরাজকে।
তিনি ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে ১৩২ ম্যাচ খেলে ব্যাট হাতে ২ হাজার ৭৫০ রান করেছেন তিনি। উইকেট নিয়েছেন ৩৬টি। ২০১৯ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন যুবরাজ। ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার এবার যোগ দিচ্ছেন দিল্লির ডাগ আউটে।