চেন্নাইয়ের কোচিং প্যানেল থেকে বাদ হাসি

আইপিএল
মাইক হাসি, ফাইল ছবি
মাইক হাসি, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের ২০২৭ মৌসুম সামনে রেখে কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তন আনছে চেন্নাই সুপার কিংস। সেই পরিকল্পনার অংশ হিসেবে ব্যাটিং কোচ মাইক হাসিকে সরিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দীর্ঘ আট বছর ধরে দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের সঙ্গে চেন্নাইয়ের পথচলা আপাতত শেষ হচ্ছে।

কোচিং প্যানেলে এটিই একমাত্র পরিবর্তন নয়। প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের জায়গায় জহির খানকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি বোলিং কোচ এরিক সিমন্সকেও সরিয়ে দিয়েছে চেন্নাই। তার জায়গায় এসেছেন মোহিত শর্মা। ফিল্ডিং কোচ জেমস ফস্টারের ভবিষ্যৎ নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ফ্র্যাঞ্চাইজিটি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, হাসিকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে চেন্নাই। তবে নতুন মৌসুমে তার জায়গায় কে দায়িত্ব নেবেন, তা এখনো নিশ্চিত নয়। ফস্টারের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তও আপাতত স্থগিত রাখা হয়েছে। গত বছর চেন্নাইয়ের কোচিং প্যানেলে যোগ দেয়া ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারকে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে।

খেলোয়াড় হিসেবে ২০০৮ সালে চেন্নাইয়ে যোগ দেন হাসি। ২০০৯ মৌসুমে না খেললেও ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত টানা চার মৌসুম দলটির হয়ে খেলেছেন তিনি। এরপর ২০১৪ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলে ২০১৫ সালে আবার চেন্নাইয়ে ফেরেন। খেলোয়াড়ি অধ্যায় শেষে ২০১৮ সাল থেকে ফ্লেমিংয়ের অধীনে দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ‘মিস্টার ক্রিকেট’ নামে পরিচিত এই অস্ট্রেলীয়।

অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে হাসির পেশাদার সম্পর্কও ভালো ছিল বলে জানা গেছে। তবে কোচিং প্যানেলে বড় পরিবর্তনের অংশ হিসেবে তাকেও বিদায় নিতে হচ্ছে। চেন্নাইয়ের সিদ্ধান্তে হাসি হতাশ কি না, তা নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে আইপিএলের অন্য কয়েকটি দলের সঙ্গে তার যোগাযোগ চলছে বলে জানা গেছে। ফলে আগামী মৌসুমে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির কোচিং দায়িত্বে তাকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

চেন্নাইয়ের নতুন কোচিং কাঠামো গঠনে মহেন্দ্র সিং ধোনির প্রভাব স্পষ্ট বলে মনে করা হচ্ছে। জহির ও মোহিতের নিয়োগেও তার ভূমিকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাকি কোচিং পদগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষের প্রতিনিধি রূপা গুরুনাথ সাউথ আফ্রিকা থেকে ফেরার পর। এ বিষয়ে জহিরের সঙ্গে আলোচনা করা হবে, পাশাপাশি ধোনির মতামতও গুরুত্ব পাবে।

আরো পড়ুন: