এতে অবশ্য কপাল পুড়ে ম্যাচে দুই শতাধিক রান তোলা ডাম্বুলার। আট ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় দলটি। অপরদিকে আগেই প্লে অফ-নিশ্চিত করা জাফনা আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করে।
ম্যাচে টস জিতে বোলিংয়ে নেমে ইনিংসের পঞ্চম ওভারে সাকিবের হাতে বল তুলে দেন রাজাপাকশে। নিজের প্রথম ওভারে কোনো বাউন্ডারি হজম না করে দেন ৫ রান। তবে দ্বিতীয় ওভারে খরুচে বোলিং করেন বাঁহাতি এই স্পিনার। দুই চারে বাংলাদেশের অলরাউন্ডার দেন ১১ রান। তৃতীয় ওভারেও সুবিধা করতে পারেননি তিনি।
সাকিবকে স্লগ সুইপ করে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারেন পবন রত্নায়েকে। নিজের তৃতীয় ওভারে বাঁহাতি স্পিনার খরচা করেন ১৩ রান। কোটার শেষ ওভারে আর বোলিংয়ের সুযোগ মেলেনি সাকিবের। শেষ পর্যন্ত তিন ওভোর ২৯ রান দিয়ে উইকেটশূন্য থাকতে হয় বাঁহাতি এই স্পিনারের।
সাকিবের এমন নিষ্প্রভ বোলিংয়ের দিনে জাফনার হয়ে তিনটি উইকেট নিয়েছেন দিলশান মাদুশঙ্কা। এ ছাড়া দুইটি করে উইকেট পেয়েছেন লিজাড উইলিয়ামস ও দুনিথ ওয়েলালাগে।
শেষের দিকে পাল্লেকেলেতে বৃষ্টি বাগড়া দিলেও সেটা ম্যাচে বিপত্তি ঘটাতে পারেনি। বরং তাৎক্ষণিকভাবে তখনই খেলা শুরু হয়।
বৃষ্টিবিঘ্নিত দিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ২০৩ রান তোলে ডাম্বুলা। দলটির হয়ে ২৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেছেন রত্নায়েকে। এ ছাড়া দীনেশ চান্দিমাল ২৪ বলে ৪৪, শাহিবজাদা ফারহান ২৪ ও গুলবাদিন নাইব ২০ রান করেছেন। এরপর বৃষ্টি বাড়লে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।