তাসকিনের বদলি হয়ে এলপিএলে যাচ্ছেন রিপন

এলপিএল
রিপন মন্ডল
রিপন মন্ডল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জিম্বাবুয়ে সফর শেষে শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার কথা ছিল তাসকিন আহমেদের। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বাংলাদেশের এই পেসার। এতে বিপাকে পড়েছে তার দল জাফনা কিংস।

তাসকিনের বদলি হিসেবে বাংলাদেশের আরেক পেসার রিপন মন্ডলকে দলে নিয়েছে জাফনা কিংস। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে দলটির একটি বিশ্বস্ত সূত্র।

জানা গেছে, আপাতত তাসকিনের পুরো মনোযোগ বাংলাদেশের আসন্ন অস্ট্রেলিয়া সফরকে ঘিরে। আগামী মাসে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই সফরের আগে লাল বলের ক্রিকেটের প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ দিতেই এলপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি তাসকিনের। এর আগে প্রায় দেড় বছরের বিরতি কাটিয়ে গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন তিনি। সেই দুই ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০১৭ সালে, দেশের মাটিতে। এদিকে রিপন মন্ডল বিপিএল ও বয়সভিত্তিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। বাংলাদেশ দলের হয়ে খেলেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও। ফলে তাকে নিয়ে ভালো পারফরম্যান্সের আশা করতেই পারে ফ্র্যাঞ্চাইজিটি।

আরো পড়ুন: