ধোনির মতামত নিয়েই ফ্লেমিংয়ের উত্তরসূরি খুঁজবে চেন্নাই

আইপিএল
মহেন্দ্র সিং ধোনি ও স্টিফেন ফ্লেমিং, ফাইল ফটো
মহেন্দ্র সিং ধোনি ও স্টিফেন ফ্লেমিং, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের ইতি টেনে প্রধান কোচের পদ থেকে স্টিফেন ফ্লেমিংকে বিদায় দিয়েছে চেন্নাই সুপার কিংস। পাঁচবারের শিরোপাজয়ী দলটি নতুন প্রধান কোচ খোঁজার প্রক্রিয়াও শুরু করেছে। আর সেই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মহেন্দ্র সিং ধোনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লেমিংয়ের উত্তরসূরি নির্বাচনের বিষয়ে ধোনির মতামতকে গুরুত্ব দেবে চেন্নাই। সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতার সময় তার বৈঠক হতে পারে। ক্লাবটি এবার বিদেশির বদলে একজন ভারতীয়কে প্রধান কোচের দায়িত্ব দেয়ার কথাও ভাবছে।

চেন্নাইয়ের ব্যবস্থাপনা পরিচালক কাশি বিশ্বনাথন বলেন, 'নতুন প্রধান কোচ তার সহকারী দল নির্বাচন করবেন। তিনি চাইলে নিজের পছন্দের সদস্যদের আনতে পারবেন, আবার বর্তমান দলের কাউকে রাখার সিদ্ধান্তও নিতে পারবেন।'

দলের ম্যানেজমেন্টে ধোনির সক্রিয় ভূমিকার বিষয়টি আগে থেকেই হয়ে আসছে। তাই নতুন প্রধান কোচ নির্বাচনের ক্ষেত্রেও তার মতামতকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে ধোনির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। চোটসহ বিভিন্ন কারণে তিনি গত মৌসুমে একটি ম্যাচও খেলেননি। ফলে আগামী মৌসুমে তিনি খেলোয়াড় হিসেবে ফিরবেন, নাকি নতুন কোনো দায়িত্ব নেবেন, সেটি এখনও স্পষ্ট নয়।

ফ্লেমিংকে বিদায় দেয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বনাথন বলেছিলেন, 'আমরা খোলামেলা আলোচনা করেছি এবং মৌসুমের পারফরম্যান্স মূল্যায়ন করেছি। এরপর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন আমরা পরবর্তী বিকল্পগুলো বিবেচনা করব। এখনও নির্দিষ্ট কোনো নাম চূড়ান্ত করা হয়নি।'

চেন্নাইয়ের এই সিদ্ধান্ত এসেছে বিভিন্ন প্রতিযোগিতায় দলগুলোর পারফরম্যান্স পর্যালোচনার পর। আইপিএলের গত তিন মৌসুমে টানা শেষ চারে জায়গা করে নিতে না পারায় ফ্লেমিংয়ের ওপর চাপও বাড়ছিল। সেই প্রেক্ষাপটেই নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএল ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন ছিলেন ফ্লেমিং। প্রতিযোগিতার শুরু থেকেই চেন্নাইয়ের সঙ্গে যুক্ত থেকে দলকে পাঁচটি শিরোপা জিতিয়েছেন তিনি। তবে সাম্প্রতিক ফলাফলের অবনতির পর শেষ পর্যন্ত দীর্ঘদিনের এই অধ্যায়ের সমাপ্তি ঘটল।

আরো পড়ুন: