আইপিএল থেকে বাদ পড়া এখনো বিশ্বাস হচ্ছে না বৈভবের

আইপিএল
বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। সেই সঙ্গে শেষ হয়ে গেছে বৈভব সূর্যবংশীর এবারের আইপিএল অভিযান। বিদায়ের রাতে দলের হয়ে লড়াই করেও জয় এনে দিতে না পারার আক্ষেপে ভেঙে পড়েছেন তরুণ এই ব্যাটার।

গুজরাটের বিপক্ষে ৪৭ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বৈভব। শতরান থেকে মাত্র চার রান দূরে থামলেও ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় ব্যর্থতাই বেশি কষ্ট দিচ্ছে তাকে। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক বার্তায় নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।

বৈভব লিখেছেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না, কীভাবে ২০ ওভারের মধ্যে সব আবেগ বদলে যেতে পারে। আজ রাতে আমি গভীরভাবে ব্যথিত। দুঃখ, গ্লানি, হতাশা এবং আরও অনেক অনুভূতির সঙ্গে লড়াই করতে হবে। তবে যার প্রাপ্য, তাকে কৃতিত্ব দিতেই হবে। শুভমান গিল এবং গুজরাট অসাধারণ খেলেছে।'

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজস্থানের এই ব্যাটার।, 'এই তরুণ দলের ওপর যারা বিশ্বাস রেখেছিলেন, আমাদের পাশে ছিলেন এবং ১৬টি ম্যাচে সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমরা এতটাই কৃতজ্ঞ যে তা ভাষায় প্রকাশ করা কঠিন।'

এবারের আসরে ব্যাট হাতে দারুণ ধারাবাহিক ছিলেন বৈভব। ৭৭৬ রান নিয়ে তিনি এখনো সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে আছেন। ফাইনালে গুজরাটের ব্যাটাররা বড় ইনিংস না খেললে মৌসুমসেরা ব্যাটারের স্বীকৃতিও উঠতে পারে তার হাতেই।

তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে বিদায়ের আক্ষেপই আপাতত বেশি নাড়া দিচ্ছে রাজস্থানের এই তরুণ তারকাকে। বিশেষ করে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপ রয়েছে বৈভবের কণ্ঠে। তার ভাষায়, 'আমরা দুঃখিত। আপনারা যে রাত দেখতে চেয়েছিলেন, তা আমরা দিতে পারিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আপনাদের হতাশ করেছি।'

হার থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রতিজ্ঞাও করেছেন তিনি। বৈভব লিখেছেন, 'এই হার আমাদের সঙ্গে থাকবে। যত দিন না আমরা আগামী মৌসুমে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারি, তত দিন এই কষ্ট ভুলতে পারব না।'

আরো পড়ুন: