আইপিএলের সবশেষ আসরে প্লে-অফে উঠতে পারেনি লক্ষ্ণৌ। চলতি মৌসুমে নতুন করে ঘুরে দাঁড়াতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। নতুন আসরে আরও অবনতি হয়েছে তাদের। গ্রুপ পর্বে ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিতে পেরেছে লক্ষ্ণৌ। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে আইপিএল শেষ করতে হয়েছে তাদের।
এমন পারফরম্যান্সের পর টুর্নামেন্ট চলাকালীনই পান্তের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে। টুর্নামেন্ট শেষ হতেই নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ভারতীয় তারকা ব্যাটার। লক্ষ্ণৌর ক্রিকেট পরিচালক টম মুডি জানিয়েছেন, সরে দাঁড়ানোর সিদ্ধান্ত পান্তের পক্ষ থেকে এসেছে এবং তারা সেটা গ্রহণ করেছেন।
এক বিবৃতিতে পান্ত বলেন, ‘এই অনুরোধ নিয়ে ঋষভ ফ্র্যাঞ্চাইজির কাছে এসেছিল এবং আমরা সম্মানের সঙ্গেই তা গ্রহণ করেছি। এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কখনোই সহজ নয়। ঋষভ অধিনায়ক হিসেবে এই ড্রেসিং রুমে যা কিছু করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের মনোযোগ এখন দলের সম্মিলিত প্রচেষ্টার ওপর- সেরা অবস্থায় পৌঁছাতে দল পুনর্গঠন ও পুনর্নির্মাণ করা।’
দিল্লি ক্যাপিটালসের টানা কয়েক মৌসুম কাটানোর পর নিজেকে নিলামে তোলার সিদ্ধান্ত নেন পান্ত। যার ফলে দিল্লির সঙ্গে চুক্তি নবায়ন করেননি তিনি। নিলামে পান্তকে পেতে কাড়াকাড়ি করে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত ২৭ কোটি রুপিতে ভারতের তারকা উইকেটকিপার ব্যাটারকে দলে নেয় লক্ষ্ণৌ।
দলে নেওয়ার পাশাপাশি তাকে অধিনায়কও করে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের প্রথম আসরে দলকে ফাইনালে কিংবা প্লে-অফে তুলতে ব্যর্থ হয়েছিলেন তিনি। পাশাপাশি এক সেঞ্চুরিতে ১৩৩.১৬ স্ট্রাইক রেটে করেছিলেন মাত্র ২৬৯ রান। চলতি আসরেও প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেননি। ১৩ ইনিংসে ১৩৮.০৫ স্ট্রাইক রেটে করেছেন ৩১২ রান।