রাজস্থান রয়্যালস—
সবশেষ ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে উড়িয়ে দিয়েছে রাজস্থান। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। শেষ ম্যাচে ইয়াশভি জয়সাওয়াল-বৈভব সূর্যবংশীদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। রাজস্থান যদি মুম্বাইকে হারায় তাহলে তাদের পয়েন্ট হবে ১৬। সেরা চার নিশ্চিত করার পাশাপাশি সেরা দুইয়েও থাকার সুযোগ তৈরি হবে।
পয়েন্ট টেবিলে এখন ১৬ পয়েন্ট আছে গুজরাট ও হায়দরাবাদের। শেষ ম্যাচে দুই দলই যদি ১০ রানে হেরে যায় তাহলে দুইয়ে উঠতে ৭০ রানে জিততে হবে রাজস্থানকে। তবে যদি হেরে যায় তখন অনেক যদি কিন্তুর হিসেব করতে হবে। কারণ পাঞ্জাব ও কলকাতা যদি শেষ ম্যাচে জিতে যায় তাহলে তাদের ১৫ পয়েন্ট হবে।
পাঞ্জাব, কলকাতা ও চেন্নাই শেষ ম্যাচে হারলেই কেবল ১৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরে যেতে পারবে রাজস্থান। দিল্লি, রাজস্থান ও চেন্নাইয়ের পয়েন্ট যদি ১৪ হয় তখন নেট রান রেট হিসেবে নেওয়া হবে। রাজস্থান যদি ১০ রানে হেরে যায় তাহলে চেন্নাইকে জিততে হবে ১৫ বা তার চেয়ে বেশি রানে। দিল্লির জন্য তাদের দুই দলকে পেছনে ফেলা প্রায় অসম্ভব।
পাঞ্জাব কিংস ও কলকাতা—
আইপিএলে নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাবের প্রতিপক্ষ লক্ষ্ণৌ। অন্য দিকে ঘরের মাঠে কলকাতা খেলবে দিল্লির বিপক্ষে। কলকাতা ও পাঞ্জাব যদি নিজ নিজ ম্যাচে জয় পায় তাহলে দুই দলেরই পয়েন্ট হবে ১৫। বর্তমানে পাঞ্জাবের নেট রান রেট +০.২২৭ এবং কলকাতার +০.০১১। এমন অবস্থায় পাঞ্জাব যদি লক্ষ্ণৌকে ১০ রানে হারায় তাহলে কলকাতাকে জিততে হবে ৬১ কিংবা তার চেয়ে বেশি রানে।
পাঞ্জাব জিতলে এবং কলকাতা হারলে শ্রেয়াস আইয়ারের দলের সামনে সুযোগ থাকবে। তখন বাকিদের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। বিশেষ করে রাজস্থান ও মুম্বাই ম্যাচের দিকে। তবে কলকাতা আর পাঞ্জাব যদি হেরে যায় তখন দুই দলই আইপিএল থেকে ছিটকে যাবে।
চেন্নাই সুপার কিংস—
চেন্নাই যদি শেষ ম্যাচে গুজরাটকে হারাতে পারে তাহলে তাদের ১৪ পয়েন্ট হবে। যেখানে ইতোমধ্যে ১৪ পয়েন্ট আছে রাজস্থানের। সুযোগ থাকবে দিল্লিরও। যদি কলকাতা ও পাঞ্জাব শেষ ম্যাচে জিতে তাহলে এই ম্যাচের ফলাফল অপ্রাসঙ্গিক হয়ে যাবে। ১৪ পয়েন্ট হওয়ার পরও রাজস্থানকে ছাড়িয়ে যেতে অন্তত ২৫ রানে জিততে হবে চেন্নাইকে। তবে গুজরাটের কাছে হারলে বিদায় নিতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের।
দিল্লি ক্যাপিটালস—
অসম্ভব একটা সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে দিল্লি। কাগজে-কলমেই কেবল ফ্র্যাঞ্চাইজিটির সেরা চারে যাওয়া সম্ভব। পাঞ্জাব, চেন্নাই ও রাজস্থানকে শেষ ম্যাচে হারতে হবে। তখন দিল্লি কলকাতাকে হারাতে পারলে ১৪ পয়েন্ট নিয়ে রাজস্থানের সমান হবে। তবে নেট রান রেটে রাজস্থানের চেয়ে অনেকটা পিছিয়ে তারা। রাজস্থানকে পেছনে ফেলতে ২০০ বা চার চেয়ে বেশি রানে জিততে হবে। যেটা প্রায় অসম্ভব।