একমাস পর আইপিএলে ফিরছেন সল্ট

আইপিএল
ফিল সল্ট, বিসিসিআই
ফিল সল্ট, বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চোটের কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরেছিলেন ফিল সল্ট। তবে মাসখানেকের ব্যবধানে আবারও ভারতে ফিরছেন ইংল্যান্ডের ডানহাতি ওপেনার। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।

১৮ এপ্রিল ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হারার ম্যাচে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের তারকা ওপেনার। দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের সময় ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁহাতের আঙুলে চোট পেয়েছিলেন তিনি। যদিও বেঙ্গালুরু কিংবা ইসিবির পক্ষ থেকে চোটের ধরণ জানায়নি।

ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন সল্ট। ইসিবির অনুরোধে আঙুলের স্ক্যান করাতে দেশে ফিরে গেছিলেন তিনি। টুর্নামেন্টের কোনো এক পর্যায়ে সল্টকে পাওয়া যাবে, এমন ভাবনা থেকে তার বদলি নেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। অবশেষে বর্তমান চ্যাম্পিয়নদের অপেক্ষা শেষ হচ্ছে।

চোটে পড়ার আগে ব্যাট হাতে বেশ ছন্দে ছিলেন তিনি। ৬ ম্যাচে ১৬৮.৩৩ স্ট্রাইক রেটে ২০২ রান করেছেন সল্ট। ডানহাতি ওপেনারের অনুপস্থিতিতে বিরাট কোহলির সঙ্গে ওপেন করছেন জ্যাকব বেথেল। তবে সুযোগটা একেবারেই কাজে লাগাতে পারেননি ইংলিশ তরুণ।

এখনো পর্যন্ত বেঙ্গালুরুর জার্সিতে ৭ ইনিংসে মাত্র ৯৬ রান করেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলা ২৭ রানের ইনিংসটিই সর্বোচ্চ। সল্ট ফিরলে পরের ম্যাচে বেথেলের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ১৩ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে সেরা চার নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

আরো পড়ুন: