‘হার্দিক একজন প্লাস্টিক অধিনায়ক’

আইপিএল
হার্দিক পান্ডিয়া-কৃষ্ণমাচারি শ্রীকান্ত,ফাইল ফটো
হার্দিক পান্ডিয়া-কৃষ্ণমাচারি শ্রীকান্ত,ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
১৪ বছর পর জয় দিয়ে মৌসুম শুরু করে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু আইপিএলে পরের আট ম্যাচের সাতটিতেই হেরে খাদের কিনারায় পৌঁছে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অধিনায়ক কিংবা খেলোয়াড় দুই ভূমিকাতেই ব্যর্থ হার্দিক পান্ডিয়া। সবশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে 'আইপিএল ক্লাসিকো'-তে ২৩ বলে ১৮ রানের ইনিংস খেলে চরম সমালোচনা মুখোমুখি হার্দিক। এমন অবস্থায় হার্দিককে 'প্লাস্টিক অধিনায়ক' বলে কটাক্ষ করেছেন ভারতের সাবেক প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ‎

‎চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে ব্যাট করতে নেমে রায়ান রিকেলটন ও নামান ধীরের ব্যাটে ভালো শুরু পেয়েছিল মুম্বাই। ১৩তম ওভারে দলের রান যখন চার উইকেটে ১০৯ তখন ব্যাটিংয়ে নামেন অধিনায়ক হার্দিক। সেই অবস্থায় ১৮০ থেকে ২০০ রানের স্বপ্নই দেখার কথা মুম্বাইয়ের। কিন্তু ব্যাটিংয়ে নেমে ক্রিজে রীতিমতো সংগ্রাম করতে হয় হার্দিককে।

স্লগ ওভারে ব্যাট করেও ২৩ বলের ইনিংসে ১০ টি ডট খেলেন এই অলরাউন্ডার। তার এই ধীর গতির ইনিংসের কারণে ১৫৯ রানেই থামতে হয় মুম্বাইকে। পরে সেই রান ১১ বল হাতে রেখেই টপকে যায় চেন্নাই।

‎হার্দিকের এমন ইনিংসে রীতিমতো হতবাক শ্রীকান্ত। নিজের ইউটিউব চ্যানেলে হার্দিকের এমন এপ্রোচকে সমালোচনা করে তিনি বলেন, 'সংখ্যাগুলো দেখো, ২৩ বলে ১৮ রান। এটা কী? সে একজন প্লাস্টিক অধিনায়ক ।ওই জুটিটা দেখো, উদ্দেশ্যটা কী ছিল? হার্দিক পান্ডিয়া আসলে কী করতে চাচ্ছিল? তুমি যদি মিডল ওভারে ডট বলের সংখ্যা দেখো, পরিষ্কার বোঝা যায় কোনো সঠিক হিসাব বা গেম অ্যাওয়ারনেস ছিল না। ওই সময়টায় রানরেট খুব দ্রুত কমে গিয়েছিল।'

‎শ্রীকান্ত আরো যোগ করেন, 'প্রায় ৬ষ্ঠ বা ৭ম ওভার থেকে তারা প্রতি ওভারে প্রায় ৯ রান করে শুরু করেছিল, কিন্তু তারপর সেটা কমতে থাকে,৭, ৭, এক ওভারে ১৩, তারপর ১০, তারপর ৬। এরপর ৫, ৪, ৩, ৭, ৪। এই সময়েই, ১২ থেকে ১৬ ওভারের মধ্যে তারা পুরোপুরি ম্যাচটা হাতছাড়া করে ফেলে। এমনকি শেষের দিকেও, হার্দিক ব্যাটিংয়ে থাকা অবস্থায়ও শুধু ৭ রান আর ৪ রানই আসে।'

‎প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর ষষ্ঠ ম্যাচে গুজরাট টাইটান্সকে হারিয়েছিল মুম্বাই। ৯ ম্যাচের বাকি সাতটিতেই হেরে বর্তমানে দশ দলের আইপিএলে ৯ নম্বরে আছে দলটি। প্লে অফের সম্ভাবনাও এখন নেই বললেই চলে।

পাশাপাশি অধিনায়ক হার্দিকের পারফরম্যান্স দলকে ফেলেছে আরো বিপদে। রান উৎসবের আইপিএলে মাত্র ১৩৬ স্ট্রাইক রেটে আট ম্যাচে ১৪৬ রান করেছেন তিনি। তাই শুরুতে ব্যাটাররা ভালো শুরু এনে দিলেও তা নষ্ট হচ্ছে স্লগ ওভারগুলোতে। সমান ইনিংস বোলিং করে ১২-এর বেশি ইকোনমিতে নিয়েছেন মাত্র চার উইকেট। খাঁদের কিনারায় থাকা দলের অধিনায়কের এমন পারফরম্যন্স নিয়ে কাটাছেড়া না হওয়ায় হতভম্ব না হয়ে পারছেন না ১৯৮৩ তে ভারতের হয়ে বিশ্বকাপ জেতা সাবেক এই ওপেনার।

‎এ প্রসঙ্গে শ্রীকান্ত আরো বলেন, 'সত্যি বলতে, আমি বুঝতেই পারিনি তারা কী করার চেষ্টা করছিল! পরিকল্পনাটা কী ছিল? তারা আর ওকে স্লটে বল দেবে না। তারা ওকে আটকে ফেলবে। তারা জানত, যদি লেংথে বল করে, সে তাদের আক্রমণ করবে। তাই তারা ওই জায়গায় আর বল করবে না।'

আরো পড়ুন: