কেউ হার্দিকের পাশে দাঁড়াচ্ছে না, দাবি তিওয়ারির

আইপিএল
বিসিসিআই
বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি আইপিএলে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। ব্যাটে-বলে ভালো করতে পারছেন না অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। তবে ভারতের তারকা অলরাউন্ডারকে একা দায় দিতে চান না মনোজ তিওয়ারি। ভারতের সাবেক ব্যাটার মনে করেন, দলের কেউই হার্দিকের পাশে দাঁড়াচ্ছে না। এ ছাড়া সূর্যকুমার যাদব, তিলক ভার্মাদের অফ ফর্মের বিষয়টিও সামনে এনেছেন তিওয়ারি।

কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে আইপিএলের মৌসুম শুরু করে মুম্বাই। পরবর্তী সময়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা যেন জিততেই ভুলে গেছে। টানা চার ম্যাচে হেরে ক্রমশই চাপে পড়ে তারা। নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে দ্বিতীয় জয় আসে ফ্র্যাঞ্চাইজিটির। গুজরাট টাইটান্সকে হার্দিকের দল হারিয়ে দেয় ৯৯ রানে। সেই ম্যাচের পর আবারও টানা তিন ম্যাচ হেরেছে মুম্বাই।

৯ ম্যাচে মাত্র দুইটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে অবস্থান করছে ফ্র্যাঞ্চাইজিটি। বাকি পাঁচ ম্যাচ জিতলেও মুম্বাই সেরা চারে যেতে পারবে কিনা সেটা নিয়ে সংশয় আছে। প্রশ্ন হচ্ছে রোহিত শর্মা, সূর্যকুমার, তিলক, হার্দিক, উইল জ্যাকস, টেন্ট্র বোল্ট, জসপ্রিত বুমরাহর মতো ক্রিকেটার দলে থাকার পরও কেন জিততে পারছে না। তিওয়ারি মনে করেন, সতীর্থদের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না হার্দিক।

ক্রিকবাজের সঙ্গে আলাপকালে ভারতের সাবেক ক্রিকেটার বলেন, ‘আমার মতে মুম্বাইয়ের অভিযান কার্যত শেষ। একজন অধিনায়ক দলের সব খেলোয়াড়ের শক্তি হিসেবে কাজ করেন। কিন্তু আমার মনে হচ্ছে, হার্দিকের পাশে কেউ দাঁড়াচ্ছে না। সতীর্থদের কাছ থেকে যে ধরনের সহায়তা পাওয়া দরকার, সেটা তিনি পাচ্ছেন না।’

ম্যাচ জিততে না পারায় স্বাভাবিকভাবেই হার্দিককে নিয়ে প্রশ্ন উঠছে। তবে দলের বেশিরভাগ ক্রিকেটারই অফ ফর্মে আছেন। ৯ ম্যাচে মাত্র তিনটি উইকেট পেয়েছেন তারকা পেসার। ব্যাট হাতে রান নেই সূর্যকুমার, তিলকের মতো ব্যাটারের। তিওয়ারি জানান, পুরো দলই যদি এভাবে খেলে তাহলে ভালো ফল আসবে কীভাবে?

তিনি বলেন, ‘দল হারলে শুধু অধিনায়ক নয়, পুরো দলকেই দায় নিতে হয়। সূর্যকুমার যাদব ধারাবাহিক নন, তিলক ভার্মাও ফর্ম ধরে রাখতে পারছেন না। দলই যদি এমন খেলে, তাহলে ভালো ফল আসবে কীভাবে?’

আরো পড়ুন: