১০ জানুয়ারি থেকে শুরু হবে এসএ টি-টোয়েন্টির পরবর্তী আসর। প্রায় একই সময় অনুষ্ঠিত হবে বিপিএলও। সেই কথা মাথায় রেখে প্রায় এক মাস এগিয়ে ২২ নভেম্বর থেকে শুরু হবে আইএল টি-টোয়েন্টির এবারের আসর। ছয় দলের এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট ৩৪ ম্যাচ। আগের চার আসরের মতই টুর্নামেন্টের এবারের আসরে ভেন্যু মোট তিনটি- দুবাই, আবুধাবি ও শারজাহ। ২০ ডিসেম্বরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে।
আইএল টি-টোয়েন্টির সূচি এগিয়ে আনায় উপকৃত হতে পারে বিপিএলের দলগুলো। কেননা আইএল টি-টোয়েন্টির যাত্রা শুরুর আগের আসর গুলোতে বিপিএলে নিয়মিত খেলা বিদেশি খেলোয়াড়রা এখন আইএল টি-টোয়েন্টিকে প্রাধান্য দিয়ে থাকেন। আইএল টি-টোয়েন্টি শেষ করে বিপিএলের শেষ প্রান্তে খেলতে আসতেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম ডেভিড, নিকোলাস পুরানের মত তারকারা। এবারে আলাদা সময়ে অনুষ্ঠিত হওয়ায় তারকা বিদেশিদের অনেককেই বিপিএলের পুরো আসরেই দেখা যেতে পারে।
টুর্নামেন্টের সূচি পরিবর্তন প্রসঙ্গে আইএল টি-টোয়েন্টির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, 'ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি পঞ্চম আসরের সময়সূচি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টটি ২০২৬ সালের ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। চতুর্থ আসরের সাফল্যে আমরা খুবই সন্তুষ্ট।'
গত আসরে বাংলাদেশ থেকে আইএল টি-টোয়েন্টিতে অংশ নিয়েছিলেন দুই ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালস ও তাসকিন আহমেদ খেলেছিলেন শারজাহ ওয়ারিয়র্সে। আইএল টি-টোয়েন্টির মাঝপথেই বিপিএল শুরু হওয়ায় দেশে ফিরতে হয় এই দুই পেসারকে।