আগামী ২২ থেকে ২৫ এপ্রিলের মধ্যে ডিপিএল শুরু করতে চায় বিসিবি। তবে নিউজিল্যান্ড সিরিজের জন্য ৫মে থেকে ডিপিএল চান ক্লাব সংগঠকরা। ডিপিএল কবে থেকে শুরু হবে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস (সিসিডিএম) দলবদলের দিনক্ষণ চূড়ান্ত করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে ২০২৫-২৬ মৌসুমের খেলোয়াড়দের দলবদল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯ এপ্রিল। এই দুই দিনই সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুরের শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে এই কার্যক্রম চলবে।
মূলত আসর শুরুর আগেই নিজেদের নতুন করে গুছিয়ে নেয়ার সুযোগ পাবে দলগুলো। দেশের শীর্ষ লিস্ট 'এ' মর্যাদার এই টুর্নামেন্টে অংশ নেবে ঢাকার শীর্ষস্থানীয় ১২টি ক্লাব। যেখানে রয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মতো ঐতিহ্যবাহী ক্লাব।
পাশাপাশি রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স ধানমন্ডি স্পোর্টস ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব, ঢাকা লেপার্ডস।