সেই ম্যাচে পরাগের ব্যাট থেকে আসে ১১ বলে অপরাজিত ১৪ রান। ক্রিকেটারদের ব্যক্তিগত ফর্ম নিয়ে কোনো দুশ্চিন্তা নেই টিম ম্যানেজমেন্টের এমনটাই জানিয়েছেন রাজস্থান রয়্যালসের পারফরম্যান্স কোচ সিদ্ধার্থ লাহিড়ি। তিনি মনে করেন টি টোয়েন্টি ক্রিকেটের পরিবর্তিত ধরণ পারফরম্যান্সকে ভিন্নভাবে দেখার দাবি রাখে। তারা দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
লাহিড়ি বলেন, ‘খেলাটা এতটাই বদলে গেছে যে আপনারা যেটাকে উদ্বেগ বলছেন, সেটা আমাদের কাছে মোটেও উদ্বেগ নয়। আমরা দলের ছন্দ দেখি। সূর্যবংশী থেকে শুরু করে সবাই যে গতিতে খেলছে, সেটাই গুরুত্বপূর্ণ। এত বেশি ঝুঁকির পরিবেশে ব্যাটাররা আউট হবে, এটা স্বাভাবিক। গুরুত্বপূর্ণ হলো, যেদিন যে অবদান রাখবে, সে যেন ইনিংসটা এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের শেষ ম্যাচে ধ্রুব, জয়সাওয়াল এবং বৈভব ঠিক সেটাই করেছে।'
রয়্যালস কোচ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন হেটমায়ার ও পরাগের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ফর্ম নিয়ে টিম ম্যানেজমেন্টের কোনো উদ্বেগ নেই। তিনি যোগ করেন, ‘হেটমায়ার বা রিয়ানের ফর্ম নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। এসব নিয়ে বেশি চিন্তা করার সুযোগ নেই। আমরা ভালো অবস্থানে আছি।'
লাহিড়ি বিশ্বাস করেন খেলোয়াড়দের পারফরম্যান্সে কোচদের ভূমিকা সীমিত, তাদের কাজ মূলত খেলোয়াড়দের সেরা ছন্দে ফিরতে সহায়তা করা। এরই প্রেক্ষিতে তিনি বলেন, ‘কোচরা যদি কৃতিত্ব নিতে শুরু করি, তাহলে সেটা বোকামি হবে। আমাদের কাজ হলো খেলোয়াড়দের সেরা ব্যাটিং ছন্দে ফিরতে সাহায্য করা।'
আইপিএল মাত্রই শুরু হয়েছে রাজস্থানের। তারা বেশ ভালোভাবেই তৈরি হচ্ছেন জানিয়ে লাহিড়ি যোগ করেন, ‘আমরা কিছু নির্দিষ্ট জায়গায় তাদের সঙ্গে কাজ করেছি, ধ্রুব ভালো করছে দেখে ভালো লাগছে। রিয়ানও ভালো ব্যাটিং করছে, তবে কিছুটা দুর্ভাগা ছিল। মাত্র দুটি ম্যাচ হয়েছে, প্রথম ম্যাচেই সে ভালো শুরু করেছিল। আশা করি, দুজনই আমাদের জন্য ভালো টুর্নামেন্ট কাটাবে।'