‘বৈভব একদমই বাচ্চা, এখনই জাতীয় দলের লক্ষ্য চাপিয়ে দিও না’

আইপিএল
বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দুদিন আগেই নিজের ১৫তম জন্মদিন পালন করার পর আইপিএলের নতুন মৌসুম শুরু করলেন বৈভব সূর্যবংশী। মৌসুমের প্রথম ম্যাচেই ১৫ বলে অর্ধশতক হাঁকান এই ওপেনার। ১৬ বছরে পা দেবার সাথে ভারতীয় জাতীয় দলে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে যোগ্য এখন তিনি। সবমিলিয়ে সূর্যবংশীকে নিয়ে উন্মাদনা ক্রমশই বাড়ছে। তবে এই উন্মাদনায় বাঁধ দিতে বললেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দন অশ্বিন। সূর্যবংশীর ওপর কোনো কিছু চাপিয়ে না দেবার অনুরোধ তার।

সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলের নিলামে ওঠার পর ছক্কা মেরে গত মৌসুমে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন সূর্যবংশী। সেই আসরে ৩৫ বলে সেঞ্চুরি করে উন্মাদনার পারদ বাড়িয়ে দেন তিনি। সেখান থেকেই যেন শুরু করেছেন এবারের আইপিএল। সব মিলিয়ে ১৫ বছর বয়সী এই ব্যাটারকে কখন জাতীয় দলের খেলানো হবে তা নিয়েই এখন সবার আগ্রহ। ভারতের বিশ্বকাপজয়ী স্পিনার অশ্বিন অবশ্য এখনই তাকে জাতীয় দলে খেলানোর পক্ষে নন।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, 'ওর ওপর এমন কোনো লক্ষ্য চাপিয়ে দিও না। সে এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত খেলোয়াড়ও না। সে এখনো একদম বাচ্চা। মহেন্দ্র সিং ধোনি যদি ৪৫ বছর পর্যন্ত খেলতে পারে, আর যদি সূর্যবংশী ৪০ বছর পর্যন্ত খেলে, তাহলে তার সামনে প্রায় আড়াই দশকের ক্রিকেট পড়ে আছে। ওকে নিজের মতো থাকতে দাও। সময় হলে সে নিজে থেকেই উঠে আসবে।'

অশ্বিন যোগ করেন, 'সে এতটাই ভালো যে ভারতের হয়ে খেলবেই, এটা হবেই। শুধু প্রশ্ন হলো, কবে খেলবে? তার জন্য হয়তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা সবসময় এত তাড়াহুড়ো করি কেন?'

সূর্যবংশীর ১৭ বলে ৫২ রানের ইনিংসের ওপর ভর করে ৪৭ বল আর আট উইকেট হাতে রেখে দাপুটে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। এবারের মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই সূর্যবংশীর বিধ্বংসী রূপ মুগ্ধ করেছে অশ্বিনকেও। এই বয়সেই বোলারদের ওপর তার দাপট দেখানোর বিষয়টিকে আলাদাভাবে নজরে এসেছে অশ্বিনের।

অশ্বিন আরো যোগ করেন, 'সে মাত্র ১৫ বছরে পা দিল, আর ১৫ বলেই ৫০ রান করে ফেলল। মানে সে যেন নিজের বয়সটাই দেখিয়ে দিচ্ছে! কী অসাধারণ খেলোয়াড় সে! তার ব্যাটের গতি কত দ্রুত! অবিশ্বাস্য! চেন্নাই সুপার কিংস তার বিরুদ্ধে কোনো উত্তরই খুঁজে পায়নি। মাঠে তাদের একদম নিস্তেজ ও আত্মবিশ্বাসহীন লাগছিল।'

আরো পড়ুন: