গত মৌসুমে দুর্দান্ত অভিষেকের পর আগামী সপ্তাহে ১৫ বছরে পা দিতে যাওয়া সূর্যবংশীর দিকে থাকবে সবার নজর। টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে ইনজুরিতে পড়া সাঞ্জু স্যামসনের বদলি হিসেবে দলে সুযোগ পান সূর্যবংশী। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি।
অন্য এক ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে চমকে দেন সবাইকে। এ বছরের শুরুতে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের নায়কও ছিলেন সূর্যবংশী। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১৭৫ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
পুরো টুর্নামেন্টে রেকর্ড ৩০টি ছক্কা হাঁকান তিনি। গত মৌসুমের অধিনায়ক স্যামসন চেন্নাইয়ে চলে যাওয়ায় এবারও ওপেনিংয়ে জয়সওয়ালের সঙ্গী থাকবেন সূর্যবংশী। পরাগ জানান, ইনিংসের শুরুতে চাপটা সামলাবেন জয়সওয়াল। অন্যদিকে সূর্যবংশীকে নিজের মতো খেলার লাইসেন্স দিয়েছেন রাজস্থান অধিনায়ক।
পরাগ বলেন, 'এ বছর স্বাভাবিকভাবেই ওকে ঘিরে অনেক প্রত্যাশা আর চাপ থাকবে। তবে অধিনায়ক হিসেবে আমি ওকে বলব, জয়সওয়াল যেন চাপটা নেয়। সে এটা সামলানোর মতো যথেষ্ট সক্ষম। বৈভবের কাজ হবে শুধু গিয়ে নিজের মতো খেলা, আক্রমণ করা, কোনো দুশ্চিন্তা না করা।'
গত মৌসুমে ২০৬ এর বেশি স্ট্রাইক রেটে রান করা সূর্যবংশী সম্প্রতি বলেছেন, তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ক্রিস গেইলের অপরাজিত ১৭৫ রানের আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ছাড়িয়ে যেতে চান। সূর্যবংশীকে মিডিয়ার ব্যস্ততা থেকে দূরে রাখার চেষ্টা করবেন পরাগ।
যাতে সূর্যবংশী নিজের স্বাভাবিক খেলায় মন দিতে পারে। এর ব্যাখ্যা দিয়ে পরাগ বলেন, 'অধিনায়ক হিসেবে আমি ওকে বলব বেশি প্রেস কনফারেন্স না করতে, মিডিয়ার সঙ্গে বেশি যোগাযোগ না রাখতে, শুধু খেলাটা উপভোগ করতে।'