মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে ডাক পাবার পর নিজের অভিষেক আসরেই সবাইকে চমকে দিয়েছিলেন সূর্যবংশী। ছক্কা মেরে নিজের আইপিএল ক্যারিয়ার শুরুর পর নিজের তৃতীয় ম্যাচেই গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেন তিনি। ভারতের হয়ে বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতেও দারুণ ছন্দে আছেন এই ব্যাটার। সবশেষ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ৮০ বলে ১৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে চ্যাম্পিয়ন করতে রাখেন বড় অবদান। বড় মঞ্চে এমন একের পর দারুণ ইনিংস খেলার পর সূর্যবংশীর লক্ষ্যটা এবার আরও বড়।
২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ৬৬ বলে ১৭৫ রান করেছিলেন ক্রিস গেইল। রেকর্ড ১৭ ছক্কার সেই ইনিংস এখনো ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে। ১৩ বছর পার করেও সেটিই হয়ে আছে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তিনটি রেকর্ডের কথা বলা হলে সেখান থেকে গেইলের এই রেকর্ডকেই বেছে নিয়ে সূর্যবংশী বলেন, 'আমি ১৭৫ রানের সেই রেকর্ড ভাঙতে চাই।'
যদিও রাজস্থানের হয়ে আইপিএল জেতাই আপাতত প্রধান লক্ষ্য সূর্যবংশীর। এত অল্প বয়সেই তার ওপর আস্থা রাখার জন্য রাজস্থানকে কৃতজ্ঞতা জানিয়ে সূর্যবংশী বলেন, 'আসন্ন আইপিএলে রাজস্থানের হয়ে ট্রফি জেতাই প্রধান লক্ষ্য। আমি নিজে খুব ভালো খেলে দলের সাফল্যে বড় ভূমিকা রাখতে চাই। আমার যখন ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়, তখন থেকেই রাজস্থানের স্কাউটিং টিম নজর রেখেছিল। ট্রায়ালে ভালো ফল করে দলে রাজস্থান দলে সুযোগ পাই। এখন দলকে শিরোপা জেতানোই লক্ষ্য।'
গত আসরে সাত ম্যাচে ২০৬ স্ট্রাইকরেটে ২৫২ রান করা সূর্যবংশীকে এবারের আসরের জন্যও ধরে রেখেছে রাজস্থান। গত এক বছরে রাইজিং স্টার্স এশিয়া কাপ ও অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের মত টুর্নামেন্ট খেলে নিজেকে আরো শাণিত করেছেন এই ব্যাটার। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও। এবার তাই আইপিএলে গত আসরের পারফরম্যান্সকেও ছাড়িয়ে যাবার লক্ষ্য ঠিক করেছেন সূর্যবংশী।