গ্রিনকে বোলিং করানো যাবে না, আগেই জানত কলকাতা

আইপিএল
ক্যামেরন গ্রিন, ফাইল ফটো
ক্যামেরন গ্রিন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এবারের আইপিএল আসরের নিলামে সর্বোচ্চ পারিশ্রমিক ২৫ কোটি ২০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই গ্রিনকে মৌসুমের প্রথম ম্যাচে অলরাউন্ডার হিসেবে দেখাই গেলো না মাঠে। মূল পেসারদের চরম ব্যর্থতার দিনেও কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানে বোলিংয়েই আনলেন না গ্রিনকে। ম্যাচ শেষে রাহানে এসবের দায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ওপর চাপালেও মৌসুমের শুরুতেই কলকাতা জানত, শুধু ব্যাটার হিসেবেই খেলানো যাবে গ্রিনকে!

মৌসুমের প্রথম ম্যাচে ব্যাটাররা ২২০ রানের পুঁজি এনে দিলেও কলকাতার বোলাররা কোনো দাপট দেখাতে পারেননি। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটি ভাঙতে ১২তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় কলকাতার বোলারদের। বোলারদের এমন চরম ব্যর্থতার দিনেও গ্রিনকে বোলিংয়ে দেখা না যাওয়ায় বিস্ময় প্রকাশ করেন ধারাভাষ্যকার থেকে শুরু করে সবাই। অথচ ম্যাচের আগ মূহুর্তেও পুরোদমে বোলিং অনুশীলন করতে দেখা গেছে গ্রিনকে।

যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া আগেই নিশ্চিত করেছে যে, মৌসুমের শুরুর অংশে শুধু ব্যাটার হিসেবে খেলার জন্য অনুমতি দেয়া হয়েছে গ্রিনকে। ২০২৪ এর শেষ দিকে পিঠে অস্ত্রোপাচার করানো হয়েছিলো এই অলরাউন্ডারের। সিএ'র এক মুখপাত্র জানিয়েছেন, ‘ক্যামেরন বর্তমানে ভারতে তার বোলিং লোড বাড়ানোর কাজ করছেন এবং আশা করা যাচ্ছে ১০-১২ দিনের মধ্যে তিনি বোলিংয়ে ফিরবেন। কলকাতা কর্তৃপক্ষ এ বিষয়ে পুরোপুরি অবগত।’

এর আগে কলকাতা অধিনায়ক রাহানে অবশ্য কিছুটা বিরক্তি প্রকাশ করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপর। রাহানে জানান, ইচ্ছা থাকলেও গ্রিনকে বোলিংয়ে আনতে পারেননি তিনি। তবে গ্রিনকে দ্রুতই বোলিংয়ে আনতে পারার ব্যাপারে আশাবাদী কলকাতার অধিনায়ক। সরাসরি না বললেও গ্রিনকে বোলিং করানোর ব্যাপারে যে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম অনুসরণ করতে হচ্ছে তাকে সেটির ইঙ্গিত দেন তিনি।

রাহানে বলেন, 'আশা করি, গ্রিন দ্রুতই বোলিং শুরু করতে পারবে, তখন দলের সমন্বয় আরেকটু ভিন্ন হবে। দলের ভারসাম্যের কথা ভাবতে হচ্ছে আমাদের। দেখতে হবে ব্যাটারদের মধ্যে কে বোলিং করতে পারে। ব্যাটিংয়ের কথা বললে, আমরা আজকে দারুণ ব্যাট করেছি। তবে ব্যাট-বলের ভারসাম্য খুঁজে বের করাটা এখন জরুরি। আশা করি, গ্রিন দ্রুতই বোলিং করতে পারবে। তখন আমাদের দলীয় সমন্বয়টা ঠিকঠাক হবে।'

স্বাভাবিকভাবেই তখন রাহানেকে প্রশ্ন করা হয়, গ্রিনকে কেন বোলিংয়ে আনা হলো না? রাহানে তখন কিছুটা হাসি ও বিরক্তির মিশেলে উত্তর দেন, 'এই প্রশ্ন আপনার জিজ্ঞেস করতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।'

গ্রিনকে বোলিং করাতে না পেরে ভঙ্গুর পেস বোলিং লাইনআপ নিয়ে বিপত্তি আরো বেড়েছে কলকাতার। মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেবার পর ইনজুরির কারণে ছিটকে গেছেন মাথিশা পাথিরানা, হার্শিত রানার মত পেসাররা। আনকোরা এক পেস বোলিং লাইনআপ নিয়ে প্রথম ম্যাচে মূখ থুবড়ে পড়েছে কলকাতার বোলিং। গ্রিনের বোলিংয়ে নিষেধাজ্ঞা যেন কলকাতার জন্য মরার ওপর খাঁড়ার ঘা।

আরো পড়ুন: